Mob Att*ack:“নাইট ডিউটিতে বেরিয়ে আর ফেরা হল না বাড়ি”— চোর সন্দেহে গণপ্রহারের ব*লি তরুণ ইঞ্জিনিয়ার, মর্মা*ন্তিক পরিণতিতে স্তব্ধ পরিবার!

রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়েছিলেন কাজের উদ্দেশ্যে। পরিবারের কাছে সেটাই ছিল এক সাধারণ কর্মদিবসের মতো রাত। কিন্তু সেই যাত্রাই শেষ যাত্রায় পরিণত হবে, তা কল্পনাও করেননি কেউ। আবারও গণপ্রহারের অভিযোগে এক তরুণের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরে। প্রশ্ন উঠছে—চোর সন্দেহ হলেই কি আইনের আগে শাস্তি দেওয়ার অধিকার নিয়ে নিচ্ছে জনতা?

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলা-র কেশিয়াড়ী ব্লকের খাজরা গ্রাম পঞ্চায়েতের গিলাগেড়িয়া এলাকায়। মৃতের নাম সৌম্যদীপ চন্দ (৩৩)। পেশায় তিনি একজন ইঞ্জিনিয়ার। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৮ ফেব্রুয়ারি রাতে তিনি খড়গপুরে নাইট ডিউটির উদ্দেশ্যে রওনা দেন। অভিযোগ, খড়গপুর লোকাল থানার অন্তর্গত আনারকলি এলাকায় পৌঁছতেই একদল ব্যক্তি তাঁকে ঘিরে ধরে। চোর সন্দেহে শুরু হয় বেধড়ক মারধর। নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করলেও কারও কর্ণপাত ছিল না—এমনটাই দাবি পরিবারের।

মাথায় গুরুতর আঘাত নিয়ে প্রথমে তাঁকে ভর্তি করা হয় খড়গপুর মহকুমা হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় দ্রুত স্থানান্তর করা হয় ভুবনেশ্বরের হাইটেক হাসপাতালে। প্রায় দশদিন আইসিইউ-তে জীবন-মৃত্যুর লড়াই চালান সৌম্যদীপ। শেষ পর্যন্ত শুক্রবার রাত ১০টা ৩৪ মিনিট নাগাদ চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়।

শনিবার রাতে তাঁর নিথর দেহ গিলাগেড়িয়ার বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ মা-বাবা। কাকা হরেকৃষ্ণ চন্দের কথায়, হাসপাতালে তাঁর শরীরের অবস্থা দেখে তাঁরা স্তম্ভিত হয়ে যান। “যেভাবে মারা হয়েছে, ভাবতেও পারছি না। দোষীদের উপযুক্ত শাস্তি চাই,”—বলেন তিনি।

আরও পড়ুনঃ West Bengal assembly elections 2026 : ‘গুডবুক’ বিতর্কে চাপে নেতৃত্ব, উত্তরপাড়া কেন্দ্র নিয়ে মীনাক্ষী–দীপ্সিতা টানাপোড়েনে সরগরম সিপিএম!

এই ঘটনা নতুন করে আইন-শৃঙ্খলা ও গণপ্রহারের প্রবণতা নিয়ে প্রশ্ন তুলেছে। চোর সন্দেহের মতো অভিযোগে কেন এত দ্রুত জনতার রোষ নেমে আসে? প্রশাসনের তরফে তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। তবে পরিবারের একটাই দাবি—দোষীদের কঠোর শাস্তি হোক, যাতে আর কোনও নিরীহ মানুষ এমন পরিণতির শিকার না হন।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles