চাকরি দেওয়ার প্রতিশ্রুতি রাখেননি মমতা, প্রতিবাদে আমরণ অনশনে বসলেন মালদহের কেএলও-রা

উত্তরবঙ্গের সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সফরের মাঝেই মালদহে তৈরি হল বিশৃঙ্খল পরিস্থিতি। চাকরির দাবীতে আমরণ অনশনে বসলেন কেএলও লিঙ্কম্যানরা। আজ, বুধবার সকাল থেকেই জেলাশাসকের দফতরের সামনে অনশন কর্মসূচীতে বসেন তাঁরা, দাবী স্পেশাল হোমগার্ডের চাকরির।

আন্দোলনকারীদের অভিযোগ, আত্মসমর্পণকারীদের মূলস্রোতে ফেরাতে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দীর্ঘসময় অতিক্রম করলেও এখনও পর্যন্ত মাত্র ৪২ জন চাকরি পেয়েছেন। আবেদন করার পরেও ১০০ জনকে এখনও চাকরি দেওয়া হয়নি। এই কারণেই তাদের এই অনশন কর্মসূচী।

এদিকে জেলা কালেক্টর চত্বরে এভাবে বিক্ষোভ দেখানো যাবে না, এই কাজ বেআইনি বলে জানিয়েছে পুলিশ। আন্দোলনকারীদের সরে যেতেও বলা হয়। এরপর তাঁরা মালদহের এলআইসি মোড়ে বিক্ষোভ দেখান। দাবী পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাবেন বলে ঘোষণা করেন প্রাক্তন কেএলও-রা।

এই আন্দোলন হতে চলেছে দীর্ঘমেয়াদী। এই কারণে আন্দোলনকারীরা লেপ-কাঁথা, বিছানাপত্র-সহ সমস্তরকম প্রস্তুতি নিয়েই আন্দোলন করছেন। ২০১১ সালে রাজ্যে তৃণমূল সরকার গঠনের পর কেএলও-র সঙ্গে জড়িতদের মূলস্রোতে ফেরার আর্জি জানান মুখ্যমন্ত্রী। প্রাক্তন কেএলওদের অভিযোগ, সেই সময় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেন যে তাদের স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে। উত্তরের জেলাগুলিতে চাকরি হলেও মালদহে সেই পরিমাণ চাকরি হয়নি বলে অভিযোগ। এই জেলায় শতাধিক মূলস্রোতে ফেরা প্রাক্তন কেএলও জঙ্গি ও লিঙ্কম্যান রয়েছে। কিন্তু তাদের মধ্যে বেশীরভাগই চাকরি পাননি। চাকরির সুযোগ পেয়েছেন মাত্র কয়েকজন।

প্রথম দফায় চাকরির সুযোগ না পাওয়ায় এই সমস্যার কথা জেলা প্রশাসনের নজরে আনা হয়। কিন্তু এরপরেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের।

RELATED Articles