মুসলিম হয়েও কেন বিজেপিতে যোগ দেবেন, এই অপরাধে স্কুল পরিচালন কমিটির সদস্যকে স্কুল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হল। অভিযোগের কাঠগড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। পরিচালোণ কমিটির সদস্যকে হেনস্থা ও তাঁকে বের করে দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ঘটনাটি ঘটেছে রাজারহাটে। রাজারহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে সম্পূর্ণ ঘটনাটি অস্বীকার করেছে তৃণমূল।
রাজারহাট ভাতেণ্ডা আন্নাকালী স্মৃতিমন্দির গার্লস হাইস্কুলের স্কুল পরিচালন কমিটির সদস্য মহম্মদ আনোয়ার হোসেন। কিছুদিন আগেই তিনি বিজেপিতে নাম লিখিয়েছেন। এরপর থেকেই নানা মহল থেকে তাঁর উপর চাপ দেওয়া শুরু হয়। অবশেষে ইস্তফা দেন তিনি। এই কারণে গত ৩০শে জানুয়ারি নিজের পদত্যাগপত্র জমা দিতে যান স্কুলে। তখনই বেশ কিছু দুষ্কৃতী ঢুকে পড়ে স্কুলে। মহম্মদ আনোয়ার হোসেনকে তাঁর চেয়ার থেকে তুলে চূড়ান্ত হেনস্থা করা হয়। এমনকি, তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
শুধু তাই-ই নয়। মহম্মদ আনোয়ার হোসেনকে স্কুল থেকে বের করে পরও তাঁর পিছু নেয় তৃণমূল দুষ্কৃতীরা। ‘তৃণমূল জিন্দাবাদ’ বলে স্লোগান আওড়াতে থাকে তাঁরা। এমনকি, বিজেপির বিরুদ্ধে নানান মন্তব্য করতে শোনা যায় তাদের।





