সামনেই লোকসভা নির্বাচন। এর আগে সমস্ত রাজনৈতিক দলগুলির মধ্যেই প্রস্তুতি চলছে তুমুল। কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। এরই মধ্যে বিগত কিছুদিন ধরেই রাজনৈতিক মহলে চর্চায় রয়েছেন তৃণমূল তারকা সাংসদ দেব। ঘাটালের তিন প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। আর এমন আবহে দেবকে নিয়ে বাড়ল আরও বিতর্ক। এক অডিও ক্লিপ ফাঁস হল তাঁর নামে (যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করে নি খবর ২৪x৭)।
কী বলা হয়েছে ওই অডিও ক্লিপে?
ওই অডিও ক্লিপে শোনা যাচ্ছে, কোনও এক ব্যক্তি কারোর সঙ্গে ফোনে কথা বলছেন। সেখানে ওই ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, “আমি দিদিকে বলেছি, দেব আমার কাছ থেকে কাজের কমিশন চাইছে। আমি তো দিদিকে বিষয়টি বলেছি। দিদি জানে তারপরেও ওকে এমপি করেছেন”। সেই কথার প্রসঙ্গেই ওই ব্যক্তি বলেন, “কেন ওকে আমাদের রাজনীতিতে প্রয়োজন, এখানে সততা বলে কিছু নেই”।
অডিও ক্লিপ নিয়ে কী বক্তব্য তারকা-সাংসদের?
এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন দেব। এই ফাঁস হওয়া অডিও ক্লিপ নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে, তিনি সাফ জানান, “আমার উপর কিছু নির্ভর করে নেই। আমার যা করার, যা বলার, তা আমি দলকে বলে দিয়েছি। যে অডিয়ো ক্লিপটি বেরিয়েছে, সেই মতো দেখলে, দিদি আর ওর মধ্যে কিছু কথা হয়েছে। দিদিই উত্তরটা দেবেন। আমার কিছু বলার নেই”।
অডিও ক্লিপের গলা কার?
এই অডিও ক্লিপের বিষয়ে সাংসদ প্রতিনিধি রামপদ মান্না বলেছেন, এই বিষয়টি দেবের নজরে আনা হয়েছে। তাঁর দাবী, এই অডিও ক্লিপের গলা বিধায়ক শঙ্কর দলুইয়ের হতে পারে। আর শঙ্কর দলুইয়ের সঙ্গে দেবের সম্পর্ক একেবারে তলানিতে।
এই প্রসঙ্গে শঙ্কর দলুইয়ের বক্তব্য, “এই ভাইরাল অডিয়ো নিয়ে আমার কিছু বলার নেই। কোথাও কোনও একটা চক্রান্ত রয়েছে। এটা মিথ্যা না সত্য, তা যাচাই না করে কিছু বলব না। আমার সঙ্গে দেবের কোনও ঝগড়া নেই”।
বলে রাখি, কিছুদিন আগেই ঘাটালের একদল মহিলা বিক্ষোভ দেখিয়েছিলেন। ঘাটাল হাসপাতালে করোনার সময়ে তিরিশ জন অস্থায়ী কর্মীকে নিয়োগ করা হয়েছিল। তাদের নিয়োগ হয় মূলত করোনা আক্রান্ত ব্যক্তিদের দেখাশোনা করার জন্যই। কিন্তু অভিযোগ, কাজ করলেও, তারা টাকা পান নি। সেই কারণে তারা এই অভিযোগ নিয়ে জানান হাসপাতাল কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও সাংসদ তথা ঘাটাল হাসপাতাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান দেবকে। সেই সময় দেব তাদের আশ্বাস দিয়েছিলেন যে কেয়া টাকা মিটিয়ে দেবেন। কিন্তু কিছুদিন আগেই দেব সেই পদ থেকে ইস্তফা দেন। ফলে ক্ষোভে ফেটে পড়েন ওই মহিলারা।





