প্রস্তুতি ভালো হয়নি, খারাপ রেজাল্ট হবে, মাধ্যমিকের ভয়ে বাড়ি থেকে পালাল ২ ছাত্রী, খোঁজ এল আজমের শরীফ থেকে

প্রস্তুতি তেমন হয়নি। পরীক্ষা দিলেও রেজাল্ট ভালো হবে না। সেই কারণে পরীক্ষার আগেই বাড়ি থেকে পালাল ২ মাধ্যমিক পরীক্ষার্থী। খোঁজাখুঁজির পর অবশেষে তাদের খোঁজ মিলল আজমের শরীফ থেকে।

কী ঘটেছে গোটা ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে হুগলির রিষড়ায়। সেখানকার পাঁচ নম্বর ওয়ার্ডের আরএন শাহ রোডে বাসিন্দা এই দুই ছাত্রী। তারা গত ২৯ জানুয়ারি পড়তে যাবে বলে বাড়ি থেকে বের হয়। এরপর সহপাঠীদের তারা জানায় যে তারা জেরক্স করতে যাবে। এরপর সেখান থেকে খাবারের দোকানেও যায়। কিন্তু সেখান থেকেই উধাও হয়ে যায় তারা।

জানা গিয়েছে, এরপর থেকেই তাদের মোবাইল বন্ধ। ওই ছাত্রীরা সেদিন রাত সাড়ে দশটা নাগাদ বাড়িতে ফোন করে জানায় যে তারা বিপদের মধ্যে রয়েছে। আর তারপরই তাদের ফোন বন্ধ হয়ে যায় ফের। এরপরই ছাত্রীদের পরিবারের তরফে রিষড়া থানায় অভিযোগ জানানো হয়। পুলিশ ওই ছাত্রীদের ছবি অন্যান্য থানায় পাঠায়।

জিআরপি-কে মেসেজ করা হয়। ছাত্রীদের মোবাইলের শেষ টাওয়ার লোকেশন বর্ধমান দেখায়। সেই কারণে পূর্ব ও পশ্চিম বর্ধমানের পুলিশ কন্ট্রোল রুমেও জানানো হয়। এই বিষয়টি তদন্ত শুরু করেন চন্দননগর পুলিশ কমিশনার।

তদন্তের মধ্যে পরের দিন খবর মেলে যে ওই দুই ছাত্রীকে রাজস্থানের আজমের শরীফ থেকে উদ্ধার করা হয়েছে। চন্দননগর কমিশনারেটের পুলিশ সেখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করে সব জানায়। ওই দুই ছাত্রীকে উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়েছিল। এরপর রিষড়া থেকে একটি টিম যায় আজমের শরীফে আর আজ, বুধবার ওই দুই ছাত্রীকে এখানে নিয়ে ফেরে পুলিশ। ওই দুই ছাত্রীর মোবাইল ট্র্যাক করে ও তাদের সোশ্যাল মিডিয়া ঘেঁটে তাদের সন্ধান মেলে বলে খবর।

 এই বিষয়ে রিষড়া পুরসভার ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খান বলেন, “দুই ছাত্রী রিষড়ার একটি স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। আমরা ভেবেছিলাম হয়ত অপহরণ হয়েছে। পরে জানা যায় মাধ্যমিকের প্রস্তুতি না হওয়ায় তারা পালিয়ে যায়”।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর