প্রতারণার অভিযোগে এবার পুলিশের আটক জনপ্রিয় ইউটিউবার অনিন্দ্য চৌধুরী। সরকারি চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে এই ইউটিউবারের বিরুদ্ধে। বেশ কিছুদিন ধরেই এই অনিন্দ্য চৌধুরীর বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ছিল। অবশেষে আজ, বুধবার সকালে বেলঘড়িয়া থেকে তাকে গ্রেফতার করে বাঁশদ্রোণী থানার পুলিশ।
এই ইউটিউবার নিজের ইউটিউব চ্যানেল ও সোশ্যাল মিডিয়া পেজ ব্যবহার করে নানান সময় সাধারণ মানুষকে হেনস্থা করতেন বলে অভিযোগ উঠেছে। এর পাশাপাশি মিথ্যে কথা বলে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা তুলে প্রতারণা চলত তার।
শুধুমাত্র কলকাতাই নয়, এর আশেপাশের একাধিক জেলাতেও অনিন্দ্য চৌধুরীর নামে একাধিক অভিযোগ জমা পড়েছে বলে খবর। অবশেষে গ্রেফতার করা হল তাকে। সূত্রের খবর, আজই এই ইউটিউবারকে আদালতে পেশ করা হবে।






