কেঁদেই চলেছিল আটমাসের শিশু, কান্না থামাতে একরত্তির গলায় চোলাই ম’দ ঢালল বাবা, সাহায্য করল দাদু

বাবা ও মায়ের মধ্যে চলছে তুমুল অশান্তি। এই অশান্তির মাঝেই কেঁদে চলেছিল আটমাসের শিশুটি। তার কান্না থামাতে বাচ্চার বাবা যা করল, তা কল্পনারও অতীত। একরত্তির গলায় চোলাই ম’দ ঢেলে দিল বাবা। তা দেখেই চিৎকার করতে থাকেন বাচ্চার মা। প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার করে একরত্তিকে।

কী ঘটেছিল গোটা ঘটনাটি?

আমানবিক এই ঘটনাটি ঘটেছে পান্ডুয়ার আঁইচগড় গ্রামে। সেখানকার বাসিন্দা সন্ন্যাসী বাগ ও তাঁর স্ত্রী বুলু বাগ। জানা গিয়েছে, গত বুধবার রাতে স্বামীর ম’দ খাওয়াকে কেন্দ্র করে ঝগড়া শুরু করেন বুলু বাগ। তুমুল অশান্তি হয়। অভিযোগ, সেই সময় সন্ন্যাসী বাগ স্ত্রীকে বেধড়ক মারধর করতে থাকেন। এমনকি, মারধর করে বাড়ি থেকে বের করে দেন। এতে ছেলেকে সাহায্য করেন সন্ন্যাসীর বাবা।  

এমন তুমুল অশান্তির মধ্যেই জোরে কাঁদতে শুরু করে সন্ন্যাসী ও বুলুর আটমাসের সন্তান। কোনওভাবেই কান্না থামছিল না একরত্তির। ছেলেকে চুপ করাতে তাই তার মুখে চোলাই ম’দ ঢালতে থাকে সন্ন্যাসী। আর তাতেও তাঁকে মদত দেয় তাঁর বাবা।

স্বামী ও শ্বশুরের এমন কাণ্ড দেখে চিৎকার করতে শুরু করে বুলু। চিৎকারের চোটে ছুটে আসেন প্রতিবেশীরা। তারা উদ্ধার করে একরত্তিকে। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। পান্ডুয়া থানার পুলিশ এসে শিশুটিকে চিকিৎসার জন্য গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।

জানা গিয়েছে, স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সন্ন্যাসীর স্ত্রী বুলু। তাঁর বাচ্চাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই সন্ন্যাসী ও তার বাবাকে গ্রেফতার করে পুলিশ। তাদের চুঁচুড়া আদালতে তোলা হলে, তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।  

RELATED Articles