শীত পেরিয়ে দক্ষিণবঙ্গে আগমন ঘটেছে বসন্তের। কিন্তু রোদের যা তেজ, তাতে এখনই গ্রীষ্মের অনুভূতি হচ্ছে শহরবাসীর। রাতে হালকা ঠান্ডা থাকলেও দিনের বেলায় হাঁসফাঁস করা গরমে বাড়ছে কষ্ট। তবে আগামী সপ্তাহেই এই পরিস্থিতির বদল ঘটাতে আসছে স্বস্তির বৃষ্টি। এমনটাই খবর আলিপুর আবহাওয়া দফতর সূত্রে।
জানা গিয়েছে, একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর ওড়িশা ও তার সংলগ্ন এলাকায়। যার জেরে আগামী সপ্তাহে বৃষ্টির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। একইসঙ্গে উত্তরের জেলাগুলিতেও হাওয়া অফিসের তরফে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলতি সপ্তাহে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা না থাকলেও আকাশ আংশিক মেঘলা থাকবে। এ সপ্তাহে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ থেকে ২০ ডিগ্রির সেলসিয়াসের আশপাশে।





