আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর থেকেই রাজ্যের পরিস্থিতি যেন উত্তাল। একের পর এক ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগ উঠে আসছে। বারবার প্রশ্ন উঠছে বাংলায় নারীদের সুরক্ষা নিয়ে। এবার ফের একবার এক মহিলা জুনিয়র চিকিৎসককে হুমকি দেওয়া ও যৌন হেনস্থার অভিযোগ উঠল তাও আবার খাস কলকাতা থেকেই।
জানা গিয়েছে, গতকাল শুক্রবার এক মহিলা জুনিয়র চিকিৎসক একটি সংস্থার অ্যাপ বাইক বুক করেন। অ্যাপে দেখায়, লোকেশনে পৌঁছতে বাইকটির প্রায় ১২ মিনিট সময় লাগবে। তাড়া থাকার কারণে সেই রাইড বাতিল করে দেন মহিলা জুনিয়র চিকিৎসক। এরপরই শুরু হয় হেনস্থা।
অভিযোগ, কেন ওই মহিলা রাইড বাতিল করেছেন, সেই প্রশ্ন তুলে বাইক চালক বারবার মহিলা চিকিৎসককে ফোন করতে থাকেন। এমনকি, তিনি ফোন ধরলে ফোনে তাঁকে অশ্রাব্য গালিগালাজও করেন ওই চালক। মহিলা চিকিৎসক জানান, ওই বাইক চালক ফোনে তাঁকে অশ্লীল ভিডিও পাঠাতে থাকেন।
ওই মহিলা জুনিয়র চিকিৎসক জানান, “অশ্রাব্য ভাষায় গালগালাজ করতে থাকেন চালক। রীতিমতো ফিজিক্যাল থ্রেট দেন। বলেন এলাকায় দেখতে পেলে চামড়া তুলে নেব। যেহেতু পূর্ব যাদবপুর থানা এলাকায় ঘটনাটি ঘটে, তাই আমি সেখানে অভিযোগ দায়ের করি”।
আরও পড়ুনঃ ছিঃ ছিঃ! ‘বাচ্চাটাকে কোলে বসিয়ে…’, বাড়িতে কালীপুজো করতে এসে নাবালিকাকে শ্লীলতাহানি ৬৮ বছরের পুরোহিতের, হতবাক পরিবার
এরপরই ওই চালকের ফোন নম্বর দিয়ে কলকাতা পুলিশের সাইবার সেল ও পূর্ব যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন মহিলা জুনিয়র চিকিৎসক। অভিযুক্ত চালকের বিরুদ্ধে তিনটি ধারায় মামলা রুজু করেছে পুলিশ, এমনটাই খবর। অভিযোগকারিণীর প্রশ্ন, ক্যাব সংস্থাগুলি বাইক চালকদের ব্যাকগ্রাউন্ড ঠিকমতো যাচাই না করেই কেন নিয়োগ করে! এই ঘটনায় ফের একবার শহরে নারীদের সুরক্ষা নিয়ে উঠল প্রশ্ন।





