ধর্মঘটের দিন ভোরেই আগুনে পুড়ে ছাই বিজেপির দলীয় কার্যালয়, সন্দেহের তীর বিরোধী দলের দিকেই

আজ কেন্দ্রীয় সরকারের শ্রম ও কৃষি আইন ও ‘দুর্নীতির ব্যবস্থা’-এর বিরুদ্ধে সারা দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে দেশের ১০টি ট্রেড ইউনিয়নগুলি, এর মধ্যে বামপন্থীদের ১৬টি কৃষি সংগঠন রয়েছে। কিন্তু দিন ভোরেই ঘটল এক বিপত্তি। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল বারাসাতের একটি বিজেপি দলীয় কার্যালয়। অভিযোগের তীর গেছে বিরোধী দলের দিকেই।

জানা গিয়েছে, বারাসাত ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম পৌর মণ্ডলের দলীয় কার্যালয়ের অটল ভবনে বৃহস্পতিবার ভোর নাগাদ আগুন লেগে যায়। এই আগুনে একেবারেই পুড়ে ছাই  হয়ে যায় দলীয় কার্যালয়টি। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল বাহিনী। কিন্তু ততক্ষণে সমস্তটাই পুড়ে গিয়েছিল বলে খবর সূত্রে জানা গিয়েছে। ব্যারাকপুর বারাসাত রোডের এই বিজেপির দলীয় কার্যালয়ের দায়িত্বে থাকা নেতা কর্মীরা এই আগুন লাগার পিছনে বিরোধীদের হাত আছে বলেই সন্দেহ করছেন। কিন্তু এখনও পর্যন্ত স্পষ্টভাবে কোনও দলের দিকে অভিযোগ আনা হয়নি বিজেপির পক্ষ থেকে। তবে ধর্মঘটের দিন ভোরে এভাবে বিজেপি কার্যালয়ে আগুন লাগার পেছনে বামেদের হাত থাকার কথাও একেবারে উড়িয়ে দিচ্ছেন না স্থানীয় বিজেপি কর্মীরা।

প্রসঙ্গত, বছর গড়ালেই বিধানসভা ভোট। তার আগে এই অগ্নিকাণ্ড নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে রাজনৈতিক অন্দরে। আজ ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘটের জেরে প্রয়োজনীয় কাজে সাধারণ মানুষ যাতে বাইরে বেরিয়ে সমস্যায় না পড়েন, তাই আজ পথে নেমেছে প্রায় দেড় হাজার সরকারী বাস। এছাড়াও, চার হাজার মতো বেসরকারি বাস নামানোরও পরিকল্পনা করা হয়েছে।

RELATED Articles