রবিবার সকালে অনেকেই বেরিয়েছিলেন সাপ্তাহিক বাজার করতে। কেউ হাটে এসে দরাদরি করছেন, কেউ আবার দোকানের ঝাঁপ খুলে দিনের ব্যবসা শুরুর তোড়জোড়ে ব্যস্ত। ঠিক সেই সময়ে হঠাৎই আতঙ্ক ছড়াল হাওড়ার মঙ্গলহাট এলাকায়। বাজারের ব্যস্ততা যেন মুহূর্তে থমকে গেল। দোকানদার থেকে সাধারণ মানুষ— সকলেই ছুটলেন একটাই প্রশ্ন নিয়ে: “কি হয়েছে? কোথা থেকে এত ধোঁয়া?”
হাওড়া থানার পাশেই অবস্থিত জনপ্রিয় ‘মডার্ন হাট’ বহুতল মার্কেট। সকালে মার্কেট খোলার পরপরই সেখানে চোখে পড়ে ধোঁয়ার কুণ্ডলী। প্রথমে হালকা ধোঁয়া দেখলেও কিছুক্ষণের মধ্যেই তা ঘনীভূত হয়। চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্কের পরিবেশ। কেউ ভিডিও করছেন, কেউ আবার খবর দিচ্ছেন থানায় বা দমকলকে। অনেকেই নিজের দোকান ফেলে নিরাপদ জায়গায় ছুটে যান।
জানা গেছে, সকাল ৯টা নাগাদ বহুতলের তিনতলায় একটি ঘরে আগুন লাগে। তিন তলাতেই ছোট-বড় মিলিয়ে প্রায় ২০০টির বেশি দোকান ও গোডাউন রয়েছে। প্রথমে পাঁচটি দমকল ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়, পরে আরও তিনটি ইঞ্জিন এসে যোগ দেয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে দমকল কর্মীদের নিরলস প্রচেষ্টা।
দমকল সূত্রে খবর, শেষপর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। সৌভাগ্যবশত কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঠিক কতটা আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি। স্থানীয় ব্যবসায়ীদের একাংশের দাবি, আগুনে বহু দোকানের মালপত্র ভস্মীভূত হয়ে গিয়েছে। এদিকে কীভাবে আগুন লাগল তা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
আরও পড়ুনঃ Panskura: ‘মর্গে ফেরত নিয়ে যাব’— কৃষ্ণেন্দুর মৃত্যুর পর পুলিশের হুমকির সুরে বিস্ফোরক অভিযোগ পরিবারের!
তবে প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। তৃণমূল নেতা অরূপ রায় জানান, দমকল ও পুলিশ যৌথভাবে তদন্ত চালাচ্ছে। যদি কোনওরকম কর্তৃপক্ষের গাফিলতি প্রমাণিত হয়, তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেছেন। বর্তমানে এলাকায় টহল দিচ্ছে পুলিশ এবং বন্ধ রাখা হয়েছে বহুতল মার্কেটটি।





