পুজোর শুরুতেই বড় অঘটন! তৃতীয়ার দিন ভোরে আগুন লাগল দমদমের পুজো মণ্ডপে, পুড়ে ছাই মণ্ডপের বড় অংশ

শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। ঢাকে কাঠি পড়ে গিয়েছে। চারিদিকে এখন সকলে অপেক্ষা করছেন মা দুর্গার মর্ত্যে আসার। অনেক মণ্ডপের উদ্বোধন ইতিমধ্যেই হয়ে গিয়েছে। মণ্ডপে মণ্ডপে এখন থেকেই মানুষের ঢল। এমন আবহে এল এক দুঃসংবাদ। আগুন লেগে গেল দমদমের এক পুজো মণ্ডপে।

তৃতীয়ার দিন ভোরেই ঘটে গেল বড় অঘটন। এদিন ভোর ৫টা নাগাদ দমদমের নেতাজি সংঘ ক্লাবের সদস্যরা দেখেন যে পুজো মণ্ডপে লেগে গিয়েছে আগুন। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বটে তবে মণ্ডপের বেশিরভাগ অংশই পুড়ে গিয়েছে। এখন এত কম সময়ে কীভাবে মণ্ডপ পুনর্নির্মাণ করা হবে, তা ভেবেই মাথায় হাত উদ্যোক্তাদের। কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটল, সে বিষয়ে কোনও ইঙ্গিত নেই বলে জানান উদ্যোক্তারা।

কী জানাচ্ছেন ক্লাবের সদস্যরা?

দমদম নেতাজি সংঘের পুজো উদ্যোক্তাদের মধ্যে জয়দেব মজুমদার নামে এক সদস্য জানান, “আমরা রাতে কাজ সেরে সকলে চলে গিয়েছিলাম যে যার বাড়ি। হঠাৎ ভোরবেলা  একজন খবর দিলেন যে মণ্ডপে নাকি আগুন লেগেছে। আমি দৌড়ে গিয়ে দেখলাম, মণ্ডপটা জ্বলছে। উপরের দিক থেকে আগুন লেগে গিয়েছে। চারপাশ থেকে সবাই জল দিচ্ছে”।

কীভাবে লাগল এই আগুন, তা ভেবে কূলকিনারা পাচ্ছেন না উদ্যোক্তারা। তারা জানান, মণ্ডপে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল, তা সত্ত্বেও কীভাবে আগুন লাগল, তা নিয়ে বেশ ধোঁয়াশা রয়েছে। কেউ বা কারা কী ইচ্ছা করে বাইরে থেকে অগ্নিসংযোগ করেছে, তা নিয়ে উঠছে প্রশ্ন।

প্রসঙ্গত, সম্প্রতি হুগলির কানাইপুরে এক পুজো মণ্ডপে আগুন লেগে বেশ ক্ষতিগ্রস্ত হয় মণ্ডপ। বালুরঘাটের এক পুজো মণ্ডপেও ভাঙচুরের ঘটনা ঘটে। এবার অগ্নিসংযোগ দমদমে। এই বিষয়ে পুলিশে জানানো হয়েছে। এই নিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে তৃতীয়ার দিন এমন ঘটনা ঘটায় এলাকাবাসীরাও বেশ চিন্তিত।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles