বিগত কয়েকদিনের বৃষ্টির জেরে শহর কলকাতার বিস্তীর্ণ এলাকা এখনও জলের তলায়। জায়গায় জায়গায় এখনও হাঁটু সমান জল। এই জমা জলে মানুষের ভোগান্তি চরমে উঠেছে। জমা জলের কারণে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যুর খবর শহরে একাধিক।
এই জল যন্ত্রণার জেরে শহরবাসীর জীবনযাত্রা যেন থমকে গিয়েছে। শহরে এমন জল জমে থাকার জন্য এবার ভিন রাজ্যকে দায়ী করলেন কলকাতার পুর প্রশাসক তথা রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর দাবী, উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টির জেরে গঙ্গার জলস্তর বৃদ্ধি পেয়েছে। তাই এমন অবস্থা।
আজ, বৃহস্পতিবার শহরের এই জলযন্ত্রণা প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “কলকাতা লাগোয়া অনেক জায়গায় জল জমে আছে। আমরা সেচ দফতরকে বলেছি যাতে ক্যানালগুলো তাড়াতাড়ি পরিষ্কার করে দেওয়া হয়। জলটা যাতে বেরিয়ে যায় সেই চেষ্টা হচ্ছে। কিন্তু গঙ্গাও থইথই করছে। অর্থাৎ ওপর থেকে, উত্তরাখণ্ড থেকে জলটা হইহই করে আসছে। এরকম বৃষ্টি তো হয়নি। যেটা গত কয়েকদিনের মধ্যে হয়েছে”। তিনি আরও যোগ করে বলেন, “যাঁরা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন, তাঁদের পরিবারের পাশে রয়েছে সরকার। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে”।
এদিকে গেরুয়া শিবিরের দাবী, কলকাতার জল যন্ত্রণার জন্য জেনেবুঝে বিজেপি শাসিত রাজ্য উত্তরাখণ্ডকে দায়ী করছে শাসকদল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষ শানিয়ে বলেন, “নতুন থিসিস ফিরহাদ হাকিম তৈরি করবেন নদী বিজ্ঞানের উপরে। উনার থিসিস আবার আমরা দেখব। আমার মনে হয় এটা ওঁনার অজুহাত। প্রশাসনের তরফ থেকে তো এটুকু করা যেতেই পারে। যেখানে জল জমে রয়েছে সেখানকার বৈদ্যুতিক তারগুলো বাকি অবস্থায় রয়েছে তা নিয়মিত মনিটরিং করা। সরকারি ব্যবস্থায় মাইকিং করা”।
তিনি আরও বলেন, “আমি কী মন্তব্য করেছি, সে বিষয়ে ববিদা না বললেই ভাল। কারণ, বিভিন্ন সময়ে তার মুখনিঃসৃত বাণীপূর্ণ সম্বোধন সোশ্যাল মিডিয়ায় এখনও ঘুরে বেড়াচ্ছে। উনি কাকে কার বাচ্চা বলেছেন, আপনি নিজে তার বিচার করুন। একটি দলের বড় নেতা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছের লোক, ভরসার লোক বলে লোকে জানেন, তাড়াতাড়ি তাঁর উত্থান হয়েছে। ওনার পূর্বপুরুষ, ওনার বাবা গোয়া থেকে এসেছিলেন পশ্চিমবঙ্গে, তাড়াতাড়ি জায়গা পেয়ে গিয়েছেন বড়। উনি ভাল কাজ করেছেন নিশ্চয়ই। কিন্তু ওঁনাকে বলব না আর যে সমস্ত বাণী সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়, সেদিকে উনি কনসেনট্রেট করুন”।
উল্লেখ্য, কয়েকদিন আগেই রাজ্যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় এই বন্যাকে ‘ম্যান মেড’ ব্লেছিলেন মুখ্যমন্ত্রী মমিতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ার উদয়নারায়ণপুরে বন্যা পরিস্থিত খতিয়ে দেখতে গিয়ে এমন মন্তব্য করেছিলেন তিনি। দোষ দিয়েছিলেন কেন্দ্র সরকারকে। এবার তাঁরই দলের লোক ফিরহাদ হাকিমও শহরে জল জমে থাকা নিয়ে অন্য রাজ্যকে দুষে এরকম ব্যাখ্যা দিলেন।





