‘অনুব্রত মণ্ডল বাঘ, খাঁচায় আটকে রাখা যাবে না, বেরোলেই শিয়ালরা পালাবে’, বীরভূমের সভা থেকে আওয়াজ তুললেন ফিরহাদ

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির (SSC scam case) জেরে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ইডির হাতে গ্রেফতার হতেই তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তৃণমূল (TMC)। কেড়ে নেওয়া হয় পার্থর মন্ত্রিত্ব, তবে গরু পাচারকাণ্ডে (cattle smuggling case) অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) গ্রেফতার হওয়ার পর কিন্তু এমনটা করে নি শাসক শিবির। বরং তৃণমূলকে বরাবর অনুব্রতকে সমর্থন করতেই দেখা গিয়েছে। এবার অনুব্রতর পাশে থেকেই কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) বললেন, “অনুব্রত মণ্ডল বাঘ, খাঁচায় আটকে রাখা যাবে না, বেরোলেই শিয়ালরা পালাবে”।

আজ, শনিবার রামপুরহাটের ২ ব্লকের কমলদিঘি এলাকায় দলীয় সভায় যোগ দিয়েছিলেন ফিরহাদ হাকিম। সেই সভামঞ্চ থেকেই অনুব্রতকে বাঘের সঙ্গে তুলনা করেন তিনি। ফিরহাদের বলেন, “অনুব্রত মণ্ডল বাঘ। চিরকাল খাঁচাবন্দি করে রাখা যাবে না। বাঘ খাঁচায় থাকলে শিয়ালরা লাফালাফি করে”।

প্রসঙ্গত, অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকেই বীরভূমে বিরোধীরা সক্রিয় হয়েছে। নানান সময় এ নিয়ে শাসক দলকে শানিয়েছে বিরোধী শিবির। অনুব্রতর গ্রেফতারির পর ঘনঘন বীরভূমে বেশ সভা করতেও দেখা গিয়েছে বিজেপিকে। এমন আবহে এবার সহকর্মীর পাশে দাঁড়িয়ে ফিরহাদ বললেন, “বাঘ বেরিয়ে পড়লেই শিয়ালরা পালাতে শুরু করবে। আপনারা চিন্তা করবেন না, অনুব্রত বেরলেই বাকিরা পালিয়ে যাবে”।

বলে রাখি, কিছুদিন আগেই বীরভূমে সভা করতে যান রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সেই সভা থেকে তৃণমূলকে বেলাগাম আক্রমণ শানান তিনি। আজ তার পাল্টা দিয়ে ফিরহাদ বলেন, “কেউ কেউ এসে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করে গিয়েছেন। বিভ্রান্ত হবেন না। কাজের নিরিখে বিচার করুন”।

উল্লেখ্য, এর আগে দেউচা পাচামি প্রকল্পে ক্ষতিপূরণ হিসেবে গ্রুপ ডি-র চাকরির নিয়োগপত্র দিতে বীরভূমে গিয়েছিলেন ফিরহাদ হাকিম। সেদিনও অনুব্রতর হয়েই বার্তা দিয়েছিলেন তিনি। তা থেকেই অনেকে ধারণা করে নেন যে পার্থ দলকে পাশে না পেলেও, অনুব্রত পেয়েছেন। আজ আজকের ফিরহাদের এহেন মন্তব্যে তা আরও বেশি স্পষ্ট হয়ে গেল।

RELATED Articles