একদিকে যখন একের পর তৃণমূল নেতা-বিধায়ক দল ছেড়ে গেরুয়া শিবিরে আস্তানা গাড়ছেন, সেই সময়ই ফের এক তৃণমূল মন্ত্রীর মুখে বাজল ‘বেসুরো’ সুর। প্রকাশ্যেই মন্ত্রী সাধন পাণ্ডে বললেন, “দল থেকে খারাপ লোকদের বাদ দেওয়া উচিত”। তাঁর এই মন্তব্যের পাল্টা জবাব দেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও। তাঁর কথায়, কারোর যদি কোনও বক্তব্য থাকে, তবে তা দলের অন্দরেই বলা উচিত। বাইরে বলে ওস্তাদ হওয়ার কোনও দরকার নেই।
গতকাল ছিল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। এদিন সমস্ত নেতা, মন্ত্রীরা নিজেদের এলাকায় নিজেদের মতো করে এই দিনটি পালন করেছেন। সেই অনুষ্ঠানেই সাধন পাণ্ডে সাধন পাণ্ডে বলেন, “যারা খারাপ, তাদের দল থেকে বাদ দেওয়া উচিত”। তাঁর এই মন্তব্য নিয়েই গুঞ্জন ছড়াতে থাকে রাজ্য রাজনীতির অন্দরে। তাঁর এই মন্তব্য সম্পর্কে ফিরহাদ হাকিমের সাফ জবাব, “যা বলার দলের মধ্যেই বলা উচিত। সাধনদা বা অন্য কারোর যদি কিছু বলার থাকে, তাহলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ববেন। বাইরে সংবাদমাধ্যমের সামনে বলে ওস্তাদ হওয়ার কোনও দরকার নেই। কিছু বলার থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ই সেটার বিচার করবেন। শুধু সাধনদা নন, এমন অনেকেই আছেন, তাদের উচিত যা বলার দলের ভিতরে বলা”।
প্রসঙ্গত, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন বেশ কিছু নেতা বিধায়ক। তাদের মধ্যে সাধন পাণ্ডের নামও উঠে এসেছে। তবে এই বিষয়ে সাধনের সম্পর্কে কিছু না বললেও বিজেপিকে সরাসরি আক্রমণ করেন ফিরহাদ। তাঁর দাবী, বিজেপি নাকি তিনরকম ভাবে দল ভাঙানোর চেষ্টা করছে। প্রথমত, ইডি-সিবিআই দিয়ে ভয় দেখানো, দ্বিতীয়ত, উচ্চ পদের লোভ দেখানো ও তৃতীয়ত, রাজনৈতিক চাপ সৃষ্টি করা। তবে তাঁর এই কথা আদৌ কতজন শুনবেন, সেই নিয়ে বেশ ধন্ধ রয়েছে। আর যদি কেউ বা কারা তা না শোনে, সেইজন্য তৃণমূলের তরফ থেকে কোনও কঠোর সিদ্ধান্ত নেওয়া হয় কী না, এখন সেটাই দেখার।





