ভারতের প্রাক্তন পেসার এস শ্রীসন্থ ফের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চলেছেন। তিনি আট বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চলেছেন। ১০ জানুয়ারি থেকে সৈয়দ মুস্তাক আলী টি- ২০ ট্রফির জন্য শ্রীসন্থকে কেরালার দলে নির্বাচিত করা হয়েছে। টুর্নামেন্ট শুরুর আগে সব দলই প্রস্তুতি ম্যাচ খেলছে। এই সময়ে শ্রীসন্থকেও পুরানো আক্রমণাত্মক মেজাজে মাঠে দেখা গেছে। প্রস্তুতি ম্যাচের সময় ব্যাটসম্যানকে স্লেজ করে আক্রমণাত্মকভাবে আবেদন করতে দেখা গেছে তাকে।
কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেসিএ) অফিসিয়াল ইউটিউব অ্যাকাউন্ট থেকে শ্রীসন্থের বোলিংয়ের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। এই ভিডিওতে ৩৭ বছর বয়সী শ্রীসন্থের বোলিং অ্যাকশন আগের মতোই দেখা যাচ্ছে। এছাড়াও বোলিংয়ের সময় তাকে স্লেজের মাধ্যমে বিরোধী ব্যাটসম্যানদের উপর চাপ দিতে দেখা গেছে। বুধবার শ্রীসন্থ টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাকে এই টি- ২০ টুর্নামেন্টের ক্যাপ তুলে দেওয়া হচ্ছে।
https://twitter.com/sreesanth36/status/1344225183079534592?s=19
সম্প্রতি শ্রীসন্থ ২০২৩ সালের বিশ্বকাপে ভারতের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ২০১৩ সালে আইপিএলে স্পট ফিক্সিং কাণ্ডে জড়িয়ে পড়ায় ক্রিকেট থেকে চিরকালের জন্য এস শ্রীসন্থকে নির্বাসন করেছিল ভারতীয় বোর্ড। সেই ঘটনায় ভারতীয় ক্রিকেটে আরও একবার নেমে এসেছিল ম্যাচ গড়াপেটার কালো ছায়া। যদিও তারপরে আদালতে মামলা করে তাতে জিতে যান তিনি। এরপর আজীবনের সেই শাস্তি কমে যায়।





