দিনহাটার প্রথম মহিলা মহকুমাশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জম্মু-কাশ্মীরের প্রথম মহিলা IAS অফিসার

তাঁর হাত ধরেই দিনহাটা পেল প্রথম মহিলা মহকুমাশাসক। গতকাল, মঙ্গলবার দুপুরেই এই দায়িত্ব নেন ডঃ রেহানা বশির। তিনি জম্মু-কাশ্মীরের প্রথম মহিলা IAS অফিসার। এদিন দিনহাটার প্রাক্তন মহকুমাশাসক হিমাদ্রি সরকার এই কাশ্মীর কন্যাকে সবরকম দায়িত্ব বুঝিয়ে তাঁকে তাঁর নতুন পদে অভিষেক করান। হিমাদ্রি সরকার নিজে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সেক্রেটারি হিসেবে যোগ দিয়েছেন।

রেহানা বশির জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার বাসিন্দা। ছোটো থেকেই পড়াশোনায় মেধাবী ছাত্রী ছিলেন তিনি। কাশ্মীর ইনস্টিটউট অফ মেডিক্যাল সায়েন্সে থেকে এমবিবিএস পড়েছেন তিনি। তবে ২০১৭ সালে দাদা আমির বশিরকে দেখে IAS অফিসার হওয়ার ইচ্ছা জাগে তাঁর মনে। তাঁর দাদা ইউপিএসসি পরীক্ষায় ৮৪৩ র‍্যাঙ্ক করেন।

২০১৮ সালে পরীক্ষায় বসেন রেহানা। আর প্রথম চেষ্টাতেই বাজিমাত। ১৮৭ র‍্যাঙ্ক করেন রেহানা। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। তবে ডাক্তারি পড়তে পড়তে IAS অফিসার হওয়া নিয়ে প্রশ্ন জাগে বটে। তবে রেহানা মানুষের সেবার কাজে ব্রতী হতে চেয়েছিলেন। আর শুধুমাত্র ডাক্তারি করে যে জনগণের ঠিকমতো সেবা করা সম্ভব নয়, তাও বুঝতে পারেন তিনি। সেই কারণেই IAS অফিসার হওয়ার পদই বেছে নেন রেহানা।

যদিও ডা. রেহানা বশিরের পশ্চিমবঙ্গ সরকারের অধীনে দায়িত্ব নিয়ে কাজ করার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে দক্ষিণ দিনাজপুর জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের দায়িত্বে ছিলেন। সেখান থেকেই তাঁকে পদমর্যাদায় উন্নীত করে এদিন দিনহাটার মহকুমাশাসকের দায়িত্ব দেওয়া হল।

এদিন দিনহাটার প্রথম মহিলা মহকুমাশাসককে জেলার নানান স্তরের পাশাপাশি নানান সংগঠনের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়। রেহানা বশিরকে সংবর্ধনা জানানো হয় জেলা সিপিএমের তরফেও।

RELATED Articles