সকাল সকাল ভয়ঙ্কর দুর্ঘটনা! লরি-গাড়ির মুখোমুখি সংঘর্ষ নদিয়ার বেথুয়াডহরিতে, মৃত্যু ২ শিশু-সহ ৫ জনের

সকাল সকালই খারাপ খবর। নদিয়ার বেথুয়াডহরিতে লরি ও গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে মৃত্যু হল ৫ জনের। এদের মধ্যে ২ জন শিশু। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে মোট ৫ জন ছিলেন। তাদের মধ্যে ২ জন শিশু। আজ, শুক্রবার ভোরে রায়গঞ্জ থেকে কলকাতার দিকে আসছিল গাড়িটি। পথে নদিয়ার বেথুয়াডহরিতে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।

জানা গিয়েছে, একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। পাঁচ আরোহী আটকে পড়েন গাড়ির ভিতরে। বিকট শব্দ পেয়ে এলাকার বাসিন্দারাই প্রাথমিকভাবে গাড়িতে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা করে। তাড়াতাড়ি নাকাশিপাড়া থানায় খবর দেওয়া হয়।

খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ক্রেনের সাহায্যে গাড়িতে আটকে পড়া ৫ জনকে উদ্ধার করা হয়। কিন্তু ততক্ষণে ৫ জনেরই মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত কারোর নাম, পরিচয় জানা যায়নি।

তারা কোথা থেকে আসছিলেন বা কোথাও যাচ্ছিলেন কী না, তাও এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি। তবে পুলিশের প্রাথমিক অনুমান, ওই ৫ জন একই পরিবারের সদস্য। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

RELATED Articles