বাংলার জন্য কল্পতরু কেন্দ্র! পশ্চিমবঙ্গে রেল খাতে বরাদ্দ ৬ হাজার ৬৩৬ কোটি টাকা, ঐতিহাসিক ঘোষণা পীযূষ গোয়েলের

আগের দিনই সাধারণ বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাংলার বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে আলাদা করে সড়ক খাতে মোটা টাকা বরাদ্দ করেছেন। আর এবার বাংলার জন্য ঐতিহাসিক রেল বাজেট পেশ করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। জানালেন টুইটারে।

আর সেখানেই অবাক হয়ে যাওয়ার মতো বিষয়। যে পরিমাণ টাকা বাংলার রেল খাতে বরাদ্দ হয়েছে তা কস্মিনকালেও কোন রাজ্যের জন্যই কখন‌ও করা হয়নি। এমন কথা নিশ্চিত করেছেন স্বয়ং রেলমন্ত্রী।

তিনি ঘোষণা করেছেন, মেট্রো সহ রেলের নানাবিধ পরিষেবার জন্য পশ্চিমবঙ্গে ৬ হাজার ৬৩৬ কোটি টাকা খরচ করা হবে।

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রেলমন্ত্রী টুইট করে জানান, ‘ভারতীয় রেলের ইতিহাসে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ সর্বাধিক। ২০২১-২২ সালে ব্যয় হতে চলেছে, ৬,৬৩৬ কোটি টাকা। এটি গত বছরের তুলনায় ২৬% বেশি। পশ্চিমবঙ্গ সরকারকে জমি দেওয়ার বিষয়টি সহজলভ্য করার বিষয়ে অনুরোধ করব। যাতে রেলওয়ের প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়িত করা যায়।’।

এক‌ই সঙ্গে তিনি একটি ভিডিও পোস্ট করেন। তাতে তিনি লেখেন, ‘৫৩টি প্রোজেক্ট পশ্চিমবঙ্গ জুড়ে। নির্মীয়মাণ প্রকল্প তাড়াতাড়ি শেষ করতে এবং পরিকাঠামোকে আরও উন্নত করতে বাড়তি অর্থ ঢালা হচ্ছে। কিন্তু কিছু স্থানীয় সমস্যার জন্য প্রকল্পের কাজ আটকে গিয়েছে বেশ কিছু এলাকায়। শুধুমাত্র ৩৪টি প্রোজক্টের টোকেন অ্যালটমেন্ট সম্পন্ন হয়েছে। আমি মুখ্যমন্ত্রী মমতাদিদি এবং পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করব জমি সমস্যা সমাধান করার জন্য এবং রেলের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়তা করুন। বাজেটে কোনও কাটছাঁট হবে না’।

বাংলায় বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পীযূষ গোয়েলের এই টুইটবার্তা যে রাজ্য রাজনীতিতে বেশ প্রভাব ফেলবে তা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

RELATED Articles