মিলল শর্তসাপেক্ষ রথযাত্রার অনুমতি, আগামীকালই নবদ্বীপের রাস্তায় বিজেপির কর্মসূচীর রথ

অবশেষে দীর্ঘ টালবাহানার পর মিলল শর্তসাপেক্ষ রথযাত্রার অনুমতি। আগামীকাল নবদ্বীপ থেকেই শুরু বিজেপির প্রথম দফার রথযাত্রা। অনুমতি মিলেছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। এদিন নদিয়াতে রথযাত্রার সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

মোট পাঁচটি রথযাত্রার কর্মসূচী গ্রহণ করেছে বিজেপি। একসঙ্গেই পাঁচটি রথযাত্রার জন্য অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। এই বিষয়ে আর্জি জানিয়ে রাজ্য বিজেপির সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী চিঠি দেন রাজ্যের মুখ্যসচিবকে। কিন্তু বিজেপির সেই আর্জিতে মোটেই আমল নেওয়া হয়নি। এই আর্জি নাকোচ করা হয় নবান্নের তরফে। বলা হয় স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলতে। মুখ্যসচিব চিঠি দিয়ে জানান, যে এলাকায় রথযাত্রা হবে সেই এলাকার স্থানীয় পুলিশের থেকে অনুমতি নিতে হবে।

সেইমতোই প্রথম দফায় নবদ্বীপ থেকে রথযাত্রা করার অনুমতি দিল স্থানীয় প্রশাসন। জানা গিয়েছে, এই রথযাত্রা শুরু হবে নদিয়া থেকে। ঘুবে নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তর চব্বিশ পরগণার একটি অংশে। এই রথযাত্রা ব্যারাকপুরে শেষ হবে বলে জানা গিয়েছে। আগামীকাল নবদ্বীপ থেকেই বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করবেন জে পি নাড্ডা।

এই পরিবর্তন যাত্রা উপলক্ষ্যে বিজেপির তরফে নবদ্বীপের চটিরমাঠে ভূমিপুজো ও হোম যজ্ঞের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী, বিজেপি উত্তর সাংগঠনিক জেলার সভাপতি আশুতোষ পাল, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ও অন্যান্য বিজেপি নেতৃত্বরা। নবদ্বীপে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার রথযাত্রার কর্মসূচী সূচনাকে কেন্দ্র করে বেশ উৎসাহিত নবদ্বীপের বিজেপি কর্মী-সমর্থকরা।

আরও অন্যান্য খবর