“কেন্দ্রীয় মন্ত্রীরা বহিরাগত?”, সৌরভকে দেখতে এসে তৃণমূলের বিরুদ্ধে ফুঁসে উঠলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর!

বাংলার মহারাজ তথা বর্তমান বিসিসিআই সভাপতিকে দেখতে শহরে এলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান অনুরাগ ঠাকুর।

হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁকে দেখতে আজ অর্থাৎ সোমবার সকালে কলকাতায় এসে পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। গতকাল‌ই বোর্ড প্রেসিডেন্টের স্বাস্থ্যের খোঁজ নিয়েছিলেন তিনি। আর তারপর আজ সৌরভকে দেখতে কলকাতা সফরে আসেন অনুরাগ।

উল্লেখ্য, গত শনিবার জিম করার সময় অস্বস্তি হচ্ছিল সৌরভের। সঙ্গে সঙ্গে সৌরভের ব্যক্তিগত চিকিৎসক সপ্তর্ষি বসুকে ফোন করেছিলেন ডোনা। তাঁর পরামর্শে দ্রুত ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকে নিয়ে হাসপাতালে আসেন তিনি। ইতিমধ্যে হাসপাতালের তরফে জানানো হয়েছে, সৌরভের যে দুটি ধমনীতে ব্লকেজ আছে, তাতে স্টেন্ট বসানো হবে।

তাৎপর্যপূর্ণ ভাবে, প্রাক্তন ভারত অধিনায়ককে দেখতে এসে রাজনৈতিক কচকচানি থেকে দূরে থাকতে পারলেন না অনুরাগ ঠাকুর।

শহরে পা রেখেই ‘‌বহিরাগত’‌ ইস্যুতে পশ্চিমবঙ্গ সরকারকে আক্রমণ করলেন তিনি। দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে অনুরাগ বললেন, ‘‌ভারত সরকারের কোনও মন্ত্রী পশ্চিমবঙ্গে এলে তাঁদের বাইরের লোক বলা হচ্ছে। যাঁরা এ কথা বলছেন তাঁদের কাছে আমার প্রশ্ন, এখানে কারা এলে এখানকার লোক বলবেন?‌ ‌

নিজের বক্তব্যে তিনি জানিয়েছেন ‘‌ডাঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটি পশ্চিমবঙ্গে আসার অধিকার সকলের আছে। তিনি বলেছিলেন, এক দেশে দুটো নিশান দুই প্রধান থাকতে পারবে না। আর আজ সেই পশ্চিমবঙ্গেই কেন্দ্রীয় মন্ত্রীদের বহিরাগত বলা হচ্ছে।’‌

একই সঙ্গে বর্তমান বাংলার সরকারের প্রতি অনুরাগ ঠাকুরের প্রশ্ন, ‘‌পশ্চিমবঙ্গে যদি ভারত সরকারের কোনও মন্ত্রী আসে, তা হলে কি সেটা অপরাধ?‌ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে লোক এসে পশ্চিমবঙ্গকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, তা হলে কি সেটাও অপরাধ? ভারতের কোনও মন্ত্রী কি পশ্চিমবঙ্গে আসতে পারবে না?’‌ তিনি এদিন সাফ বলেছেন, ‘‌রাজ্য সরকারের প্রতিনিধিরা যা সব কথা বলছে তাদের উচিত একবার ভেবে দেখা, তার পর কথা বলা।’‌

আরও অন্যান্য খবর