টানা সাত ম্যাচে হারের পর শেষমেশ ওড়িশা এফসির বিরুদ্ধে জয় পেয়েছে এসসি ইস্টবেঙ্গল। আইএসএলে এসসি ইস্টবেঙ্গল দলের অবস্থা খুব একটা ভালো নয়। ডিফেন্স একেবারেই নড়বড়ে। এরই মধ্যে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোয় দলকে সাজিয়ে গুছিয়ে নিতে চাইছেন কোচ রবি ফাউলার। ফলে একজন ভারতীয় গোলকিপার হিসেবে নর্থইস্ট ইউনাইটেডের বাঙালি গোলকিপার শুভাশিস রায় চৌধুরীকে টার্গেট করেছে লাল-হলুদ শিবির।
১.১০ কোটি টাকা ট্রান্সফার ফি হলেও ৩৪ বছরের এই গোলকিপারকে ৭০ লক্ষ টাকা দিয়ে ছেড়ে দিতে পারে নর্থইস্ট। সেই শুনে ইস্টবেঙ্গল কিছুটা পিছিয়ে আসে। তবে শুভাশিস রায় চৌধুরীর বিষয়ে এত সহজে হাল ছাড়তে চায় না ইস্টবেঙ্গল। এবার নর্থইস্টকে নয়া প্রস্তাবও দিয়েছে এসসি ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল চাইছে ৭০ লক্ষ টাকার অফারটিকে ৫০-৬০ লক্ষ টাকায় নিয়ে আসতে।
এই মরশুমে মোট তিনটি ম্যাচ খেলেন শুভাশিস। দুটি ম্যাচে তিন গোল খেয়ে রিজার্ভেই কাটাতে হয় শুভাশিসকে। আগেই এটিকে মোহনবাগানের তরুণ বাঙালি ফুল-ব্যাক অঙ্কিত মুখার্জী যোগ দিয়েছেন এসসি ইস্টবেঙ্গলে। টার্গেটে ছিল আনোয়ার আলিও। দলের ডিফেন্স শক্ত করতে মাঠে নেমে পড়েছে এসসি ইস্টবেঙ্গল। দলে এসেছেন ভারতীয় ডিফেন্ডার রাজু গায়কোয়াড়। জাতীয় দলের হয়ে ৩৬টি ম্যাচ খেলা অভিজ্ঞ ডিফেন্ডার রাজু গায়কোয়াড় এর আগে কলকাতার দুই প্রধানেই খেলেছেন।





