BJP : গভীর রাতে রহস্যজনক আগুন, পুড়ে মৃ*ত্যু বিজেপি নেতার প্রাক্তন সহায়কের!

রাতের শহরে হঠাৎই ছন্দপতন। নিঃশব্দে লেগে গেল আগুন, আর তার মধ্যেই শেষ হয়ে গেল এক প্রাক্তন রাজনীতিক সহায়কের জীবন। ঘটনাস্থলে পৌঁছনো স্থানীয় বাসিন্দারা বলছেন, আগুন লেগেছিল গভীর রাতে। চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক। কিন্তু কে ছিলেন এই ব্যক্তি? কেনই বা এই আগুনে আটকে গেল তাঁর জীবন? প্রশ্ন উঠতে শুরু করেছে একের পর এক।

ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার কেষ্টপুরের রবীন্দ্রপল্লির এ.ই. ৬৬ নম্বর বাড়িতে। মৃত ব্যক্তির নাম সব্যসাচী চক্রবর্তী (বয়স ৪৯)। জানা গিয়েছে, তিনি ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা সুভাষ সরকারের এক সময়ের ঘনিষ্ঠ সহায়ক। স্থানীয় সূত্রে খবর, সব্যসাচীবাবু ওই বাড়িতে একাই থাকতেন। মঙ্গলবার গভীর রাতে, প্রায় সাড়ে তিনটের সময় আচমকাই তাঁর বাড়িতে আগুন লাগে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে বটে, কিন্তু তার আগেই বাড়ির ভিতর থেকে উদ্ধার হয় তাঁর পুড়ে যাওয়া দেহ।

পুলিশ সূত্রে খবর, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান। যদিও তদন্তকারীরা বিষয়টি নিয়ে নিশ্চিত নন। ওই বাড়িতে বৈদ্যুতিক লাইন থেকে শুরু করে দাহ্য বস্তু, সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে। সব্যসাচীর দেহ আরজি কর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। রিপোর্ট না আসা পর্যন্ত কিছু নিশ্চিত করে বলছে না পুলিশ।

ঘটনার পরেই শোকপ্রকাশ করেছেন সুভাষ সরকার। তিনি জানান, সব্যসাচী দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। ঘুম হত না, নিয়মিত ওষুধ খেতেন। কিছুদিন আগেই তাঁর পরামর্শে বাঁকুড়ায় ছুটি কাটিয়ে এসেছিলেন সব্যসাচী। প্রাক্তন নেতার দাবি, এই মৃত্যুর পেছনে মানসিক অবসাদ বড় ভূমিকা নিতে পারে।

আরও পড়ুনঃ পুরী জগন্নাথ মন্দিরে রথের আগেই অস্বস্তি! নিখোঁজ ‘দশমূল মোদক’, শোরগোল মন্দির চত্বরে

তবে এখানেই শেষ নয় প্রশ্ন। কেন আগুন লাগার সময় সব্যসাচী বাড়ি থেকে বেরোতে পারেননি? তিনি কি আটকে পড়েছিলেন, নাকি সত্যিই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন? স্থানীয়দের একাংশ বলছেন, আগুন ছড়িয়ে পড়ার সময় খুব অল্প সময়ের মধ্যে গোটা বাড়ি গ্রাস করে নেয়। বাড়ির একাংশ পুরো ভস্মীভূত। দেওয়ালে এখনও আগুনের ছাপ স্পষ্ট। ফলে মৃত্যু ঘিরে নানা জল্পনা জিইয়ে রয়েছে। পুলিশ বলছে, সব সম্ভাবনার দিকেই নজর রাখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মিলবে প্রকৃত উত্তর।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর