রথযাত্রার প্রাক্কালে পুরী শ্রীজগন্নাথ মন্দিরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। স্নানযাত্রার পর জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জন্য বিশেষ আয়ুর্বেদিক নৈবেদ্য হিসেবে তৈরি ‘দশমূল মোদক’ চুরি যাওয়ার অভিযোগে তোলপাড় মন্দির মহল।
মন্দির সূত্রে জানা গিয়েছে, রাজবৈদ্যের দ্বারা প্রস্তুত ৩১৩টি ‘আমুনিয়া মোদক’ রাখা হয়েছিল মন্দিরের গারদা ঘরে, যা দেবতাদের অর্পণের জন্য সংরক্ষিত ছিল। কিন্তু ২১ জুন, অনাবসর একাদশীর পবিত্র রাত্রে আচার চলাকালীন দেখা যায়, ৭০টি মোদক উধাও!
এই ঘটনা প্রথম প্রকাশ্যে আনেন বলরামের বাদগ্রাহী হলধর দাস মহাপাত্র। কম সংখ্যক মোদক দেখে তিনি শ্রীজগন্নাথ মন্দির প্রশাসনের (SJTA) প্রধান প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এই ‘দশমূল মোদক’ আসলে একটি বিশেষ আয়ুর্বেদিক ওষুধ, যা স্নানযাত্রার পরে দেবতাদের শরীরের জ্বর নিরাময়ের জন্য দেওয়া হয়। কথিত আছে, স্নানের পর তিন দেব-দেবীর শরীর অসুস্থ হয়ে পড়ে, সেই রোগ মুক্তির উপায় হিসেবেই এই মোদক তাঁদের নিবেদন করা হয়।
এদিকে ২৭ জুন শুক্রবার রথযাত্রা। তার আগেই এমন একটি ঘটনা আচার-পদ্ধতি ও মন্দিরের নিরাপত্তা নিয়ে ভক্ত ও পুরী প্রশাসনের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে।
তবে রথযাত্রা নির্বিঘ্ন করতে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হয়েছে। পুরী জুড়ে বসানো হয়েছে ২৭৫টি সিসিটিভি ক্যামেরা, মোতায়েন করা হয়েছে ১০ হাজারেরও বেশি পুলিস কর্মী। যে কোনও জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা হয়েছে কুইক রেসপন্স টিম।
আরও পড়ুনঃ Mamata Banerjee : স্কুল লাইব্রেরিতে বাধ্যতামূলক মমতার বই! রাজ্যের পড়ুয়াদের জন্য ১৯টি বইয়ের তালিকা জারি!
এছাড়াও শহরের বিভিন্ন প্রান্তে তৈরি হয়েছে ৬৯টি অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র, ৬৪টি অ্যাম্বুল্যান্স, ২৬৫টি শয্যা, এবং কর্মরত থাকবেন ৩৭৮ জন ডাক্তার ও প্যারামেডিক্যাল কর্মী। নিরাপত্তার স্বার্থে ড্রোনে নজরদারি চালানো হবে, সাহায্য করবে কোস্ট গার্ডও। রথের আগে এমন ঘটনায় ধর্মীয় আবেগে বিঘ্ন ঘটেছে বলেই মনে করছেন অনেক ভক্ত।





