নবান্ন অভিযানে ছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকায়, কিন্তু মাঝরাত থেকেই আচমকাই নিখোঁজ ৪ ছাত্র, কী হল হঠাৎ তাদের?

আর জি কর কাণ্ডের প্রতিবাদে আজ, মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে। দিকে দিকে কড়া নিরাপত্তা। নবান্ন যেন আজ দুর্গ। নবান্ন ও সংলগ্ন এলাকায় মোতায়েন পুলিশ। এরই মধ্যে খবর মিলল নবান্ন অভিযানের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ৪ ছাত্র নাকি মধ্যরাত থেকেই নিখোঁজ।

জানা গিয়েছে, এই ৪ ছাত্র হাওড়ায় স্বেচ্ছাসেবকদের খাবারের প্যাকেট বিতরণ করার দায়িত্বে ছিলেন। কিন্তু হঠাৎ করেই খোঁজ মিলছে  না তাদের। ফোনেও কোনওভাবে যোগাযোগ করা যাচ্ছে না তাদের সঙ্গে, এমনটাই খবর। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর চা আন্দোলনকারীর গ্রেফতারির আশঙ্কা করেছেন।

এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেন্দু জানিয়েছেন, এই চার আন্দোলনকারীর নাম শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি ও প্রীতম সরকার। শুভেন্দুর হুঁশিয়ারি, যদি এই চারজন ছাত্রের কিছু হয়, তাহলে এর জন্য দায়ী থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ।

শুভেন্দু সোশ্যাল মিডিয়ায় লেখেন, “কয়েকজন ছাত্র নেতা ভলান্টিয়ারদের খাবার বিতরণের দায়িত্বে ছিলেন। যাঁরা হাওড়া স্টেশনে গিয়েছিলেন। কিন্তু মাঝরাত থেকে তাঁরা নিখোঁজ। শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি এবং প্রীতম সরকার নিখোঁজ। তাঁদের কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না এবং তাঁরা ফোনও ধরছেন না। আমরা মনে করছি তাঁরা মমতা পুলিশের দ্বারা গ্রেফতার বা আটক হয়েছেন। তাঁদের যদি কিছু হয় তাহলে মমতার পুলিশ দায়ী থাকবে”।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের এই নবান্ন চলো কর্মসূচির জন্য কড়া নিরাপত্তায় ঘিরেছে নবান্ন ও সংলগ্ন এলাকা। এই আন্দোলনের প্রথম সারিতে দেখা গিয়েছে শুভঙ্কর হালদার, প্রবীর দাস, ও সায়ন লাহিড়ীকে। এদিনের এই কর্মসূচির জন্য মোতায়েন করা হয়েছে ৬০০০ পুলিশ। নবান্নগামী নানান রাস্তা ব্যারিকেড দিয়ে আটকানো।

আরও পড়ুনঃ নবান্ন মুড়ল কড়া নিরাপত্তায়! নবান্নগামী সমস্ত রাস্তা আটকে দিল পুলিশ, কোন কোন জায়গায় ব্যারিকেড দেওয়া হল?

নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে নবান্ন ও সংলগ্ন এলাকা। নানান জায়গায় গার্ডরেল দিয়ে রাস্তা আটকে দাঁড়িয়ে লাঠিধারী পুলিশ। নবান্নের সামনে রয়েছে র‍্যাফ, কমব্যাট ফোর্স। নবান্নের চারিদিকে এদিন সকাল থেকেই টহল দিচ্ছেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী। নবান্নের আশেপাশের গলিতেও কড়া নজরদারি। মিছিল যাতে ছোটো ছোটো ভাগে ভাগ নবান্ন চত্বরে পৌঁছতে না পারে, সেই কারণে প্রধান সড়ক ছাড়া গলিতেও চলছে কড়া নজরদারি। এই কর্মসূচিকে কেন্দ্র করে অশান্তি ছড়াতে পারে বলেও আশঙ্কা।

RELATED Articles