রেলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বাগদায় এক আদিবাসী মহিলাকে প্রতারণার অভিযোগ উঠল স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। সাধন বাগচী নামের ওই ব্যক্তি বাগদা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। তাঁর বিরুদ্ধে ওই মহিলার কাছ থেকে সাড়ে ৭ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগকারিনীর নাম আরতি সর্দার। তাঁর অভিযোগ, সাধনবাবু ও তাঁর এক সহকারি রেলের চতুর্থ শ্রেণির কর্মীপদে চাকরি পাইয়ে দেবে, এই মর্মে ২০১৭ সালে সাড়ে সাত লক্ষ টাকা নেন। কিন্তু চাকরি না হওয়ায় আরতিদেবী টাকা ফেরত চাইলে তাঁর স্বামীকে প্রাণনাশের হুমকি দেওয়া শুরু করেন সাধনবাবু। আরতীদেবী আরোও জানিয়েছেন, বাগদা থানা ও বনগাঁ পুলিশ জেলার সুপারের কাছে অভিযোগ জানিয়েও কোনো কাজ না হওয়ায়, পরিশেষে তিনি বাধ্য হয়ে সাধনবাবুর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে বনগাঁ আদালতে মামলা দায়ের করেছেন।
তবে সাধন বাগচী সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।





