বিরিয়ানিই কি বিপদ ডাকলো আশীষের জীবনে

রাত পেরোলেই উচ্চমাধ্যমিক। আর পরীক্ষার পড়ার ফাঁকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে মালদহের হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটার বাসিন্দা ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থী বাবার কাছ থেকে টাকা নিয়ে দোকানে যায় বিরিয়ানি কিনতে। কিন্তু রাত বাড়লেও বাড়ি আর ফেরা হয়নি তার।

পুলিশ সূত্রে জানা গেছে পরীক্ষার্থীর নাম আশীষকুমার রাম। সে চাঁচল সিদ্ধেশ্বরী স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র। বৃহস্পতিবার উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। তার ‘সিট’ পড়েছে চাঁচলের বীরস্থল হাইস্কুলে। বুধবারও নিখোঁজ ছেলের হদিস না পেয়ে পুলিশের দ্বারস্থ হন পরিবারের লোকজন। রহস্যজনক ভাবে তার নিখোঁজ হওয়ার ঘটনা ঘিরে পরিজনদের পাশাপাশি উদ্বিগ্ন স্কুল কর্তৃপক্ষও।

পারিবারিক সূত্রে জানা গেছে সোমবার তার বাবা জয়প্রকাশ বাবুর কাছ থেকে বিরিয়ানি খাবার জন্য টাকা নিয়ে সে বেরিয়ে যায়। কিন্তু রাত বাড়লেও বাড়ি ফেরে না। পরের দিন তাদের নিকট আত্মীয় এবং বন্ধুবান্ধবের বাড়িতে তার খোঁজও করা হয়। কিন্তু সোমবার রাতের পর থেকে তার আর কোনো হদিস পাওয়া যায় নি। এর পরেই তাঁরা পুলিশের দ্বারস্থ হন।

হরিশ্চন্দ্রপুরের আইসি সঞ্জয়কুমার দাস বলেন, ‘‘ওই ছাত্রের খোঁজে পুলিশের তরফে যা করণীয় সব করা হচ্ছে। সে নিজে কোথাও গিয়েছে, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’’

পরীক্ষার ভয়েই স্বেচ্ছায় নিখোঁজ হওয়া, নাকি পারিবারিক শত্রুতার কারণে তাকে অপহরণ করা হয়েছে সে বিষয়ে এখনো ধোঁয়াশা। পেশায় ব্যবসায়ী আশিসের বাবা জয়প্রকাশ রাম বলেন, ‘‘বিরিয়ানি খাবে বলে আমার কাছ থেকে ১০০ টাকা নিয়ে বের হয়। কিন্তু ছেলেটা কোথায়, কী ভাবে উধাও হল বুঝতে পারছি না।’’

পরিজনদের বক্তব্য, যেখানে সে বিরিয়ানি কিনতে গিয়েছিল, সেই এলাকাটি ৮১ নম্বর জাতীয় সড়কের ধারে। এলাকাটি সন্ধ্যার পরে তুলনামূলক ভাবে নির্জন।

স্কুলের প্রধান শিক্ষক আসরারুল হক বলেন, ‘‘ও তো স্কুল থেকে অ্যাডমিট কার্ডও নিয়ে গিয়েছে। পরীক্ষার মুখে এমন ঘটনায় আমরাও চিন্তিত।’’

RELATED Articles

Leave a Comment