আগামীকাল, সোমবার সকাল থেকেই পার্শ্বশিক্ষকরা ধর্ণায় বসতে চলেছেন। পার্শ্বশিক্ষকদের সূত্রে খবর যে তারা মোট ৩০০ জন আপাতত বিকাশ ভবনের সামনে ধর্ণায় বসবেন। বাকি পার্শ্বশিক্ষকরা সেন্ট্রাল পার্কের কাছে বিধান চন্দ্র রায়ের মূর্তির সামনে শান্তিপূর্ণ অবস্থান করতে চলেছেন।
যানযট-এর সমস্যার জন্যেই ৩০০জন পার্শ্বশিক্ষক বিকাশ ভবনের সামনে ধর্ণায় বসবেন বলে জানান তারা। প্রথমে প্রশাসন তাদের ধর্ণায় বসার অনুমতি না দেওয়ায় পার্শ্বশিক্ষকরা গত শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন করেন।
প্রধান বিচারপতির নির্দেশেই আজ রবিবার এই আবেদনের শুনানির দিন ধার্য হয়। তাই আজই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পার্শ্বশিক্ষকদের আগামীকাল থেকে শর্তসাপেক্ষে ধর্ণায় বসার অনুমতি দেন। এছাড়াও কোর্টের নির্দেশ পুলিশ পার্শ্বশিক্ষকদের প্রতি বেপরোয়া আচরণ বা মনোভাব দেখাতে পারবে না। আগামী বুধবার ফের এই মামলার শুনানি রয়েছে।





