রাজ্যে নিত্যদিন বাড়ছে করোনার সংক্রমণ। এই কারণে আগেই রাজ্য সরকারের তরফে লোকাল ট্রেন বন্ধ করা থেকে শুরু করে বাস ও মেট্রোর সংখ্যা কমিয়ে দেওয়া, সমস্ত ক্যাফে, রেস্তোরাঁ, জিম, সুইমিং পুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়াও বাজার-দোকানের জন্য নির্দিষ্ট সময়ও বেঁধে দেওয়া হয়। তবে সংক্রমণ রোধ করা সম্ভব হচ্ছে না। এই কারণে আরও কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হল। আজ, শনিবার রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হল যে শপিং মল, সিনেমা হল, বাস পরিষেবা সমস্ত কিছু বন্ধ করা হচ্ছে পশ্চিমবঙ্গে। বন্ধ হচ্ছে সরকারি ও বেসরকারি অফিসও। সম্পূর্ণ বন্ধ থাকবে ট্রেন ও মেট্রো পরিষেবাও। বন্ধ থাকবে সমস্ত স্কুল-কলেজ মুদির দোকান ও বাজার-দোকান খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত। বিয়ে বা অন্য কোনও সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি সমাগম নয়। আগামী ৩০শে মে পর্যন্ত এই কড়াকড়ি লকডাউনই চলবে রাজ্যে।





