দুঃসাহসিক চোর! দুই পুলিশের বাড়িতে চুরি! কালীমূর্তির গায়ের ১৫ ভরি সোনা, হিরে লুট চোরের, পুড়িয়ে দিল জরুরি নথিও

একই রাতে দুই পুলিশের বাড়িতে চুরি। শুধুমাত্র যে চুরি তা নয়, বাড়িতে ঢুকে নানান জরুরি নথিও পুড়িয়ে দিল দিল। এমন ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যে পুলিশ মানুষের নিরাপত্তার দায়িত্বে থাকে, সেই পুলিশের বাড়িতেই চুরির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।

কী ঘটেছে ঘটনাটি?

এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার বসিরহাটের ৯ নম্বর ওয়ার্ডে। জানা গিয়েছে, গতকাল, রবিবার মধ্যরাতে চুরি হয়েছে ওই এলাকার বাসিন্দা তথা প্রাক্তন পুলিশ কর্মী অরিজিৎ সিংয়ের বাড়িতে। আজ, সোমবার সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন যে তাঁর বাড়ির মন্দিরে থাকা কালী মূর্তির গায়ের গয়না চুরি গিয়েছে।   

ওই এক প্রাক্তন পুলিশ কর্মী জানিয়েছেন, তাঁর বাড়ির মন্দিরে প্রতিমার গা থেকে ১০ থেকে ১৫ ভরি সোনার গয়না ও একটি হিরের টিপ চুরি হয়ে গিয়েছে। তিনি জানান, কেউ মধ্যরাতে তাঁর বাড়ি ঢুকেছিল। ছিটকিনি ভেঙে জানালা খুলে বাড়িতে প্রবেশ করেছিল চোর, এমনটাই জানিয়েছেন তিনি।

ঘটনার খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে যায় বসিরহাট থানার পুলিশ। আবার মিঠুন সর নামে এক পুলিশ অফিসারের অভিযোগ, তাঁর বাড়ির গেট ভেঙে বাড়িতে ঢুকে চুরি করা হয়েছে। তিনি জানান, তিনি সেই সময় বাড়ি ছিলেন না। শুধু যে চুরি তা নয়, তিনি জানান যে বাড়িতে ঢুকে বাড়ির প্রয়োজনীয় কাগজপত্র, ও নানান জিনিস পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা।

এই জোড়া চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে বসিরহাট পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায় নি যদিও। তবে এই ঘটনায় বেশ আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খোদ পুলিশ অফিসারদের বাড়িতেই যদি এমন চুরি হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, তা নিয়ে উঠেছে প্রশ্ন।  

RELATED Articles