সেঞ্চুরি আগেই পার করেছে। এখন ১২০ টাকায় মিলছে মহামূল্যবান পিঁয়াজ। তাই পিঁয়াজের এই উর্ধমূখী দাম থেকে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার-এর নতুন পরিকল্পনা। এখন যেমন রাজ্য সরকার কেজি প্রতি ৫৯ টাকা দামে পিঁয়াজ বিক্রি করে থাকে সুফল বাংলার স্টল থেকে। তাই এবার সাধারণ মানুষের কথা মাথায় রেখে রেশন দোকান থেকে পিঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
রাজ্য সরকারের তরফে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ডিসেম্বরের শুরু থেকেই উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতার ৯০০-টিরও বেশী রেশন দোকান থেকে ন্যায্য মূল্যে পিঁয়াজ বিক্রি করা শুরু হবে। তাই আগামী সপ্তাহ থেকেই দুই জেলার রেশন দোকানে কম দামে পিঁয়াজ পাওয়া যাবে। পরবর্তীতে রাজ্যের সব রেশন দোকান থেকেই সস্তা দরে পিঁয়াজ বিক্রির ব্যবস্থা করবে বলে রাজ্য সরকার সূত্রে খবর। কৃষি বিপণন দফতর থেকে এই পিঁয়াজ সংগ্রহ করবে রাজ্যের গণবণ্টন দফতর।
আরও পড়ুন – ১৫ই ডিসেম্বর থেকেই টালা ব্রিজ ভেঙে ফেলার কাজ শুরু।
রাজ্যের গণবণ্টন দফতরের প্রধান সচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন, প্রথম ধাপে রাজ্যের দুই ২৪ পরগণায় প্রায় ৯৩৪টি রেশন দোকান থেকে পিঁয়াজ বিক্রি শুরু হবে। পরে রাজ্যের অন্য জেলাগুলিতেও রেশনে পিঁয়াজ বিক্রি শুরু হবে বলে তিনি জানান। এরই মধ্যে রাজ্যে নতুন পিঁয়াজ উঠতে শুরু করলে এর দাম দ্রুত কমার সম্ভাবনা রয়েছে। তাই আপাতত সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে রেশন দোকান থেকে পিঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।





