নির্বাচন কমিশনা রাজীব সিনহার জয়েনিং লেটার ফিরিয়েছেন তিনি। তা নিয়ে বিতর্কের অন্ত নেই। এবার এই বিতর্কের মাঝেই মুখ খুললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁর বক্তব্য, নির্বাচন কমিশন বাংলার মানুষকে হতাশ করছেন। ওয়াকিবহাল মহলের মতে, রাজীব সিনহার লেটার ফেরানোর কারণ এই এক লাইনের মধ্যেই ব্যাখ্যা করে দিলেন রাজ্যপাল।
নির্বাচন কমিশনার রাজীব সিনহার জয়েনিং লেটার গ্রহণ না করা নিয়ে প্রশ্ন করা হলে রাজ্যপাল আজ, বৃহস্পতিবার বলেন, “আমি নির্বাচন কমিশনারকে নিয়োগ করেছিলাম। কিন্তু বাংলার মানুষকে হতাশ করেছেন তিনি”। রাজ্যপাল রাজীব সিনহার জয়েনিং লেটার ফিরিয়ে দেওয়ায় পঞ্চায়েত ভোটের আগে নির্বাচন কমিশনারের নিয়োগ নিয়ে বেশ অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই অনিশ্চয়তার মধ্যেই সি ভি আনন্দ বোস বুঝিয়ে দিলেন, রাজ্য নির্বাচন কমিশনারের ভূমিকায় কোনওভাবেই সন্তুষ্ট নন তিনি।
প্রসঙ্গত, রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহাকে নিয়োগ করা নিয়ে আগে থেকেই বেশ সরব হয়েছিল বিরোধীরা। তাঁর কাজ নিতে আদালতও প্রশ্ন তুলেছে। নির্বাচন কমিশনারকে রাজভবনে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল। কিন্তু তিনি ব্যস্ততার কারণ দেখিয়ে দেখা করেন নি। এরপর গতকাল, বুধবার রাতে তাঁর জয়েনিং লেটার সই না করেই ফিরিয়ে দেন রাজ্যপাল।
রাজ্য নির্বাচন কমিশনারের ভবিষ্যৎ কী হতে চলেছে? রাজ্য নির্বাচন কমিশনারই বা কী পদক্ষেপ নিতে চলেছেন, তা নিয়ে এখন বেশ জল্পনা চলছে। নির্বাচন কমিশনার কী স্টেপ ডাউন করছেন, আজ বৃহস্পতিবার এমনই প্রশ্ন করা হয় রাজীব সিনহাকে। প্রত্যুত্তরে তিনি বলেন, “এমন কোনও তথ্য পাইনি”।
তাঁর এই মন্তব্য দিয়ে তিনি সম্ভবত এটাই বোঝাতে চাইলেন যে রাজ্যপাল যে তাঁর জয়েনিং লেটার ফিরিয়ে দিয়েছেন, এমন কোনও তথ্য তাঁর কাছে নেই। ওয়াকিবহাল মহলের মতে, এমন সংক্ষিপ্ত উত্তর দিয়ে নির্বাচন কমিশনার কার্যত ইস্তফা দেওয়ার জল্পনা উড়িয়ে দিলেন।





