‘মানুষের শান্তিতে বাঁচার অধিকার রয়েছে, মানুষের শান্তি বিঘ্নিত করলে কাউকে ছাড়া হবে না’, রিষড়ার অশান্তি প্রসঙ্গে রাজ্যপাল

রিষড়ায় অশান্তি (Rishra violence) নিয়ে এবার কড়া বার্তা দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor C V Anand Bose)। আজ, মঙ্গলবার সকালেই উত্তরবঙ্গের (North Bengal) সফরে কাটছাঁট করে কলকাতায় ফিরে এসেছেন তিনি। এদিন কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) থেকেই রিষড়ার উদ্দেশে রওনা দেন রাজ্যপাল। এর আগে সাংবাদিক বৈঠকে রিষড়ার অশান্তি নিয়ে মুখ খোলেন তিনি।

এদিন সাংবাদিক বৈঠকে রাজ্যপাল বলেন, “মানুষের শান্তিতে বাঁচার অধিকার রয়েছে। যাঁরা সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত করবেন, তাঁদের ছাড় দেওয়া হবে না”। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই অশান্তির মোকাবিলা করার ডাক দেন রাজ্যপাল।

বিমানবন্দর থেকে বেরিয়ে রাজ্যপাল বলেন, “আমরা সকলেই জানি, গত কয়েক দিন ধরে এখানে কী চলছে। এই কালো শক্তিকে আমরা কখনওই সাধারণ মানুষের স্বাধীনতা খর্ব করতে দেব না, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেব না। দুর্বৃত্তদের বিরুদ্ধে আমরা কড়া পদক্ষেপ করব। সকলে একসঙ্গে শান্তিরক্ষা করব। বাংলার মানুষকে আর এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে না। যে কোনও মূল্যেই শান্তি নিশ্চিত করা হবে। আমরা তাঁদের সঙ্গে আছি”।

আগামীকাল, বুধবার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে তারপর বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা ছিল রাজ্যপালের। কিন্তু গতকাল, সোমবার ফের রিষড়ায় অশান্তির ঘটনার ফলে আজই কলকাতা ফেরার সিদ্ধান্ত নেন তিনি। এদিন কলকাতা বিমানবন্দরে নেমে ঘণ্টা দেড়েক সেখানে থাকার পর রিষড়ার উদ্দেশে রওনা দেন রাজ্যপাল।

রিষড়ায় অশান্তির ঘটনার উপর উত্তরবঙ্গ থেকেই নজর রাখছিলেন রাজ্যপাল। হাওড়ার শিবপুরের পর রিষড়ায় এমন অশান্তির ঘটনার জেরে কলকাতা ফেরার সিদ্ধান্ত নেন তিনি। তাঁর আজ ও আগামীকালের উত্তরবঙ্গের সমস্ত কর্মসূচি বাতিল করা হয়েছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও এই বিষয়ে জানিয়ে দেওয়া হ্যেচক্সহে।

রিষড়ার আগে শিবপুরের ঘটনাতেও মুখ খুলেছিলেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে সেই বিষয়ে জানতে চান তিনি। একটি বিবৃতিতে রাজ্যপাল জানিয়েছিলেন, “গুন্ডা এবং দুর্বৃত্তদের লৌহকঠিন হাতে দমন করা হবে। গণতন্ত্রকে বিপথে চালিত করা যাবে না”। আর আজ, মঙ্গলবার রিষড়ার দিকে যাওয়ার আগেও একই কথা শোনা গেল রাজ্যপালের গলায়।

RELATED Articles