ফের টুইট করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। গতকালের প্রশাসনিক বৈঠকে পুলিশ সুপারকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নকে ঘিরে টুইট করলেন রাজ্যপাল। লিখলেন, “যথেষ্ট উদ্বেগের বিষয়! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়ার সামনেই পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে জিজ্ঞেস করেন “রাজ্যপাল কি আপনাকে ফোন করেন?’ । বিষয়টি নিয়ে আলোকপাত প্রয়োজন। পুলিশের মেরুদণ্ডে আঘাত করেছেন মুখ্যমন্ত্রী”।
গতকাল, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে তিনি পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের সঙ্গে কথা বলেন ও তাঁকে নানান প্রশ্নও করেন। এরপর থেকেই মনে করা হচ্ছিল যে এই নিয়ে ফের নতুন করে নবান্ন-রাজভবন সংঘাত বাঁধতে পারে।
তেমনটাই যে হল এর প্রমাণ মিলল আজ, শুক্রবার সকালেই। টুইট করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন রাজ্যপাল। তবে বিশ্লেষকদের মতে, রাজ্যপাল ‘উদ্বেগের বিষয়’ ও ‘পুলিশের মেরুদণ্ডে আঘাত’, এই দুই বিষয়ের উপর জোর দিয়েছেন, যা সাংবিধানিক দিক দিয়ে বেশ গুরুত্বপূর্ণ।
এদিনের প্রশাসনিক বৈঠকে জেলার পুলিশ সুপার অমরনাথের কাছে মুখ্যমন্ত্রী জানতে চান, “তোমার ওখানে কাজ করতে কি সমস্যা হচ্ছে? তুমি কি ভয় পাচ্ছ? কেউ পলিটিক্যাল প্রেসার দিচ্ছে? রাজ্যপাল তোমায় ফোন করেন? যদি মনে হয়, পলিটিক্যাল প্রেসারের জন্য কাজ করতে অসুবিধা হচ্ছে, তাহলে আমাকে বলো”।
তিনি আরও বলেন, “তুমি ভালো কাজ করতে পারো, তাই তোমাকে ওখানে পাঠিয়ে ছিলাম। আমি দেখছি, ওখানে কিছু গোলমাল পাকানোর চেষ্টা হচ্ছে। শিল্পে গোলমাল পাকানোর জন্য দু’জনকে গ্রেফতার করালাম। আমাকে এসব করাতে হবে কেন? তোমরা দেখো বিষয়টা”।
মুখ্যমন্ত্রীর এমন কথার প্রেক্ষিতে শুক্রবার সকালে একটি টুইট করেন রাজ্যপাল। এই টুইটে তিনি মমতা ওই কথোপকথনের ভিডিওটিও শেয়ার করেছেন। সাম্প্রতিক অতীতের নানান ঘটনা থেকে বলাই যায় যে রাজ্যপালের এই টুইট নবান্ন-রাজভবনের সংঘাতে প্রভাব ফেলবে।





