আজ, সোমবারই দিল্লি যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কলকাতা বিমানবন্দর সূত্রের খবর অনুযায়ী, আজ বিকেল ৪টের বিমানেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। তবে তিনি ঠিক কী কারণে দিল্লি যাচ্ছেন, তা এখনও জানা যায়নি। এদিকে সূত্রের খবর অনুযায়ী, আজ, সোমবারই দিল্লি যেতে পারেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।
আজ প্রাক্তন দেহরক্ষীর মৃত্যুরহস্য মামলায় সিআইডির দফতরে তলব করা হয়েছিল শুভেন্দু অধিকারীকে। কিন্তু এদিন দিনভর একাধিক কর্মসূচী থাকায় ভবানীভবনে হাজিরা দেন নি তিনি।
আরও পড়ুন- বাড়ছে রক্তচাপ! সিআইডির হাতে এবার গ্রেফতার হতে পারেন শুভেন্দু অধিকারী!
তারা দিল্লি যাওয়ার কারণও এখনও স্পষ্ট নয়। তবে রাজনৈতিক মহলে গুঞ্জন, ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করা নিয়ে শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে পারেন শুভেন্দু, এই কারণেই হয়ত তাঁর রাজধানী যাত্রা। এমনকি, তিনি হয়ত সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গেও এই বিষয়ে কথা বলতে পারেন বলে জানা যাচ্ছে।
গত শনিবার কমিশনের তরফে ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন ঘোষণার পরই এ নিয়ে সরব হয় গেরুয়া শিবির। প্রতিবাদ করেন বিধানসভার বিরোধী দলনেতাও। শুভেন্দুর প্রশ্ন ছিল, “দেশের মধ্যে শুধুমাত্র ভবানীপুরে উপনির্বাচনের সিদ্ধান্ত কেন নেওয়া হল, তা কমিশঙ্কেন স্পষ্ট করতে হবে”। শুধু তাই-ই নয়, এই বিষয়ে আইনি সাহায্য নেওয়ার ইঙ্গিতও দেন শুভেন্দু।
এদিনই আবার কয়লা পাচার কাণ্ডে দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দফতরে হাজিরা দিতে যান তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল ১০.৫৫ নাগাদ ইডি-র জামনগরের দফতরে পৌঁছে যান অভিষেক। তবে পিছনের গেট দিয়ে দফতরে প্রবেশ করেন তিনি।
আরও পড়ুন- ইডি দফতরে হাজিরা অভিষেকের, ঢুকলেন পিছনের গেট দিয়ে
কয়লা কাণ্ডে ইডি-র তলব সম্পর্কে অভিষেক বলেন, “যেকোনও ধরনের তদন্তের মুখোমুখি হতে তৈরি। তদন্তকারী সংস্থা নিজের কাজ করছে। দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি ওনাদের সাহায্য করছি”।





