বেশ কিছুদিন ধরেই হোয়াটসঅ্যাপে কয়েকটি মেসেজ ঘুরে বেড়াচ্ছিল যেখানে দেখা যাচ্ছে যে লেখা রয়েছে চলতি বছরে দুর্গাপুজো (Durga Puja) সংক্রান্ত বিভিন্ন নিষেধাজ্ঞা (guidelines)! পঞ্চমী থেকে একাদশী পর্যন্ত বিকেল পাঁচটার পর জারি হবে নাইট কারফিউ, সারারাত ঘুরে ঠাকুর দেখা বন্ধ ইত্যাদি নির্দেশিকা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছিল। অনেকেই এই হোয়াটসঅ্যাপ (WhatsApp) মেসেজগুলি ফেসবুকে পোস্ট করতে শুরু করে দেন। মঙ্গলবার রাজ্য পুলিশ (West Bengal Police) স্পষ্ট জানিয়ে দিল যে, এখনও পর্যন্ত এরকম কোন নির্দেশিকা তৈরি করা হয়নি। এগুলো ভুয়ো (Fake) নির্দেশিকা!
এইদিন পশ্চিমবঙ্গ পুলিশের তরফে ফেসবুক ও টুইটারে এই মেসেজগুলি ছবি পোস্ট করে পশ্চিমবঙ্গ পুলিশ, যার ওপর বড় বড় করে লেখা রয়েছে ‘ফেক’ শব্দটি। ক্যাপশনে লেখা হয়েছে, ‘দুর্গাপুজো নিয়ে হোয়াটসঅ্যাপে (WhatsApp) এই গুজবটি ছড়াচ্ছে। এ রকম কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। দয়া করে মেসেজটি ফরোয়ার্ড করবেন না। এটি মিথ্যা।’
রাজ্য পুলিশের পোস্ট করা এ ছবিতে দেখা যাচ্ছে যে, নির্দেশিকার মধ্যে রয়েছে অসংখ্য নিয়ম কানুন। পঞ্চমী থেকে একাদশী পর্যন্ত বিকেল পাঁচটা থেকে ভোর চারটে পর্যন্ত নাকি নাইট কারফিউ জারি থাকবে। সারারাত ঘুরে ঠাকুর দেখা বন্ধ। মণ্ডপে ঢোকার আগে থার্মাল স্ক্রীনিং করা হবে। একসঙ্গে পাঁচ জনের বেশি ঢুকতে পারবেন না মণ্ডপে। প্রতিমা নিরঞ্জনের সময় শোভাযাত্রা করা যাবে না। অষ্টমীর অঞ্জলিতে ফুল বন্ধ।
https://twitter.com/WBPolice/status/1303208123423846400
পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে, এগুলি সবই মিথ্যা গুজব। এখনও পর্যন্ত দুর্গাপূজা নিয়ে কোনো রকম সিদ্ধান্ত পুলিশের তরফ থেকে নেওয়া হয়নি। যে বা যারা এই মেসেজ হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে।





