আমফান-করোনার জন‍্য হ‌ওয়া অপমানের বদলা নেবো! উক্তি মুখ‍্যমন্ত্রীর!

করোনা আবহেই দামামা বেজে গেছে ২০২১ বিধানসভা নির্বাচনের। আর আজ ২১শে জুলাইয়ের মঞ্চ থেকেই কার্যত এই যুদ্ধের প্রস্তুতি শুরু করল শাসক শিবির। ২১ শে জুলাই শাসকের সবথেকে বড় আবেগের জায়গা। আর এই ২১ জুলাইয়ের সমাবেশ থেকেই আজ বিরোধী দল বিজেপিকে বিঁধলেন মমতা। বহিরাগত বলে কটাক্ষ করলেন বিরোধী শিবিরকে। সেই সঙ্গে চরম হুঁশিয়ারি দিলেন, ’২১-এর ভোটে বদলা হবে।’

এই বছরের ২১শে জুলাইয়ের ভার্চুয়াল সভায় বাম বিজেপিকে একযোগে বাণ বিদ্ধ করেন মুখ্যমন্ত্রী! তবে বাম এখন নেহাতই দুর্বল বলে মূল প্রতিপক্ষ বিজেপির বিরুদ্ধে সুর ছিল একটু বেশি চড়া। মমতা বলেন, ‘আমফান ও করোনা পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গকে অপমানিত করেছে বাম ও বিজেপি। ২১-এর নির্বাচনে এর বদলা নেব। বদলা হবে মানবিকতার জয় দিয়ে।’

এদিন বিজেপি নেতাদের বহিরাগত বলে দাবি করে মমতার বক্তব‍্য, ‘এঁদের জীবনে কোনও দিন রাজনীতি করতে দেখিনি। আর একটা ভোটে ১৮টা আসন জিতে যা খুশি তাই বলছে। যা খুশি তাই করছে।’ মমতা বলেন, ‘গোটা দেশে একদলীয় শাসনব্যবস্থা চালু করতে চাইছে বিজেপি। কিন্তু গুজরাট বাংলাকে শাসন করবে না। বাংলা শাসন করবে বাংলার মানুষ।’

২১শে’র মঞ্চ থেকে তৃণমূল কান্ডারী বলেন, ‘কেন্দ্রে ক্ষমতায় আছে বলে গায়ের জোর? কখনও বলছে এনকাউন্টার করো, কখনও বলছে হিংসা করো, আপনাদের রাজনৈতিক জন্ম কোথায়? অনেকের তো নামই শুনিনি। কবে রাজনীতিতে এল ভাই! আমফান হল, বিজেপির কী নাচানাচি বাপরে।‘

বিজেপিকে কাঠগড়ায় তুলে মমতা বলেন, ‘কেন্দ্রে ক্ষমতায় আছে বলে গায়ের জোর দেখাচ্ছে। উন্নয়নের কথা কখনও বলে না। সারাক্ষণ শুধু সর্বনাশের কথা বলে। রাজ্যে গুন্ডামি, দাঙ্গা, আগুন জ্বালানোর কথা বলে। মানুষকে শান্তিতে থাকতে দেয় না।’

এরপরেই আত্মবিশ্বাসী মমতার দাবি, আগামী বছর ২১শে মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হলে দেখবেন জিতেছে তৃণমূলই।

RELATED Articles

Leave a Comment