১৫ই আগস্টের মধ্যে বকেয়া বেতন মেটাতে হবে বেসরকারি স্কুলের অভিভাবকদের, নির্দেশ দিল হাইকোর্ট

স্কুলের ফি মেটাতেই হবে, অভিভাবকদের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বেশ কিছুদিন ধরেই লকডাউন চলাকালীন বেসরকারি স্কুলের ফি দেওয়া নিয়ে স্কুল বনাম অভিভাবকদের লড়াই বেঁধেছিল। স্কুলের সামনে অবস্থান থেকে রাস্তায় মিছিল, প্রতিবাদের কোন পথই বাকি রাখেননি অভিভাবকরা। এইবার লকডাউন চলাকালীন বেসরকারি স্কুলের বেতন দেওয়া নিয়ে একটি জনস্বার্থ মামলায় মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিল যে আগামী ১৫ই আগস্টের মধ্যে বেসরকারি স্কুলে পাঠরত পড়ুয়াদের অভিভাবকদের ৩১শে জুলাই পর্যন্ত বকেয়া সমস্ত বেতন মিটিয়ে দিতে হবে। যারা পারবেন তারা ১০০ শতাংশ বেতন মেটাবেন, অন্তত ৮০ শতাংশ বেতন সবাইকে মেটাতেই হবে। এরকমই নির্দেশ দিয়েছে বিচারপতি সঞ্জীব ব্যানার্জি ও মৌসুমি ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

যেহেতু লকডাউন এর সময় স্কুল হচ্ছে না তাই শুধুমাত্র টিউশন ফি নেওয়া হোক, বাকি অন্যান্য ফি না দেওয়ার আর্জি জানিয়ে দীর্ঘদিন ধরে বেসরকারি স্কুলগুলোর সামনে প্রতিবাদ করেছেন অভিভাবকরা।

কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের করেন বিনীত রুইয়া নামে এক অভিভাবক। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও মৌসুমি ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে সেই শুনানিতে নির্দেশ দেন আগামী ১৫ অগস্টের মধ্যে ৩১ জুলাই পর্যন্ত স্কুলের সমস্ত বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে। অর্থাৎ অভিভাবকরা যে শুধুমাত্র টিউশন ফি দিতে চেয়েছিলেন এবং বাকিগুলো ফি গুলো মকুব করে দেওয়ার আর্জি জানিয়েছিলেন তা হাইকোর্টের নির্দেশে খারিজ হয়ে গেল।

তবে বেসরকারি স্কুলগুলোকেও একটি হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যার মধ্যে উল্লেখ থাকবে স্কুলগুলোর আয় ব্যয়ের হিসেবে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে অগস্ট মাসে।

RELATED Articles

Leave a Comment