‘আমি কোনও কুন্তলকে চিনি না, আমি ষড়যন্ত্রের শিকার’, অবশেষে নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুললেন ‘রহস্যময়ী নারী’ হৈমন্তী

নিয়োগ দুর্নীতি (recruitment scam) নিয়ে জল উত্তরোত্তর বেড়েই চলেছে। কিছুদিন আগেই সামনে আসে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের (Haimanti Ganguly) নাম। কিন্তু এতদিন কোনও খোঁজই পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুললেন তিনি কিন্তু সামনে নয়, আড়ালে থেকেই। তাঁর দাবী, নিয়োগ দুর্নীতির সঙ্গে কোনও সম্পর্ক নেই তাঁর। তাঁর এই দাবী আদপে কতটা সত্যি, তা যাচাই করা হচ্ছে।

নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হুগলির যুবনেতা কুন্তল ঘোষের মুখে প্রথম উঠে আসে গোপাল দলপতির স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম। কুন্তল দাবী করেছিলেন, কোনও এক ‘রহস্যময়ী নারী’র কাছে রয়েছে দুর্নীতির সব টাকা। এরপরই হৈমন্তীর নাম জড়ায় এই মামলায়। কুন্তলের এহেন দাবীর পর থেকেই কার্যত ‘নিখোঁজ’ ছিলেন হৈমন্তী। তাঁর মা ও গোপাল দলপতি দাবী করেছিলেন যে তিনি নাকি খুব শীঘ্রই সামনে আসবেন।

গতকাল, বৃহস্পতিবার বেশি রাতে এক বন্ধুর মাধ্যমে নেট কলে সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করেন ওই মডেল তথা অভিনেত্রী। প্রথমে মেসেঞ্জার ও পরে হোয়াটসঅ্যাপে ও তারও পরে ফোনে কথা বলেন হৈমন্তী। তাঁর দাবী, “কেউ একটা আমার নাম বলে দিল। আর সেটা যাচাই করা হল না? এই কুন্তলকে আমি তো চিনিই না”।

গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়কে কী তিনি চেনেন? হৈমন্তী জানান, “চিনি মানে? ২০১২ সালে আমাদের বিয়ে হয়। এখন বিচ্ছেদের প্রক্রিয়া চলছে”।

গোপালের নাম নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছে। এই বিষয়ে কথা উঠতেই অকপটে হৈমন্তীর জবাব, “আমি সিনেমার জগত নিয়ে থাকি। গোপালবাবুর সঙ্গে যখন থাকতাম, তখনও সিনেমার জগত নিয়েই ব্যস্ত থাকতাম। উনি কাজ করতেন জানতাম। তবে, তাঁর কাজ নিয়ে কোনও আলোচনা হয়নি। তবে আমার কাজ নিয়ে দু’জনের মধ্যে আলোচনা হত”।

অ্যাকাউন্টে টাকা রাখা নিয়ে কুন্তল যে দাবী করেছেন, সেই বিষয়ে হৈমন্তীর সাফাই, “কখনও এমন ভুয়ো অ্যাকাউন্ট ছিল না। আমি স্বাধীন। নিজের মতো কাজ করতাম, নিজের মতো চালাতাম। আমার সঙ্গে গোপালবাবুর আর্থিক কোনও লেনদেন ছিল না। আমি ছোটো থেকে লড়াই করেছি। কখনও কারও থেকে সাহায্য নিইনি”।

তিনি আরও বলেন, “বিশ্বাস করুন। আমি অসুস্থ ছিলাম। কলকাতার বাইরে ছিলাম। এখনও কলকাতার বাইরে। বাইরে বসে প্রথম যখন শুনি এ ভাবে দুর্নীতিতে আমার নাম জড়ানো হয়েছে, আমার এতটাই শক লেগেছিল যে নার্ভ ফেল করে যায়। যে কারণে বাড়িতেও যোগাযোগ করতে পারিনি”।

আরও অন্যান্য খবর