নিয়োগ দুর্নীতির জেরে গ্রেফতার মামা, আদালতের নির্দেশে মায়ের চাকরি যাওয়ার পরই আ’ত্ম’ঘা’তী তরুণী, মানসিক অবসাদের জের?

মামা টাকা নিয়ে চাকরি বিক্রি করতেন। এর জেরে নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন মামা। আবার কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি গ্রুপ সি-তে চাকরি করা মায়ের চাকরিও বাতিল হয়েছে। এরপরই চরম এক সিদ্ধান্ত নিলেন তরুণী। বাড়ি থেকে উদ্ধার হল তরুণীর ঝুলন্ত দেহ। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন ওই তরুণী, তা নিয়ে বেশ ধোঁয়াশা রয়েছে। মানসিক অবসাদের জেরেই কী এমন পথ বাছলেন তিনি, উঠেছে প্রশ্ন।

ওই তরুণীর নাম রিয়াঙ্কা ঘোষ। বছর কুড়ির ওই তরুণী মুর্শিদাবাদের বড়ঞা থানার কোগ্ৰামের বাসিন্দা। বীরভূমের লাভপুর কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী ছিলেন তিনি। গতকাল, রবিবার নিজের ঘরেই ছিলেন রিয়াঙ্কা। ভিতর থেকে দরজা বন্ধ দেন তরুণী। বহুক্ষণ দরজা না খোলায় সন্দেহ হয় পরিবারের লোকজনের।

অনেক ডাকাডাকি করলেও কোনও সাড়াশব্দ দেয় না তরুণী। সেই কারণে বাধ্য হয়ে ভাঙা হয় দরজা। ভিতরে নজর পড়তেই শিউরে ওঠেন পরিবারের সদস্যরা। তাঁরা দেখেন, রিয়াঙ্কা গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলছে। খবর দিতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রিয়াঙ্কার দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

প্রাথমিক তদন্তের পর পুলিশ অনুমান করছে, রিয়াঙ্কা আ’ত্ম’ঘা’তী হয়েছেন। তবে কী কারণে এমন ঘটনা ঘটিয়েছেন ওই তরুণী, তা এখনও স্পষ্ট নয়।

স্থানীয়দের কথায়, রিয়াঙ্কার মা বিভা ঘোষ লাভপুর সত্যনারায়ণ উচ্চ বালিকা বিদ্যালয়ে গ্রুপ সি-র কর্মী ছিলেন। কিন্তু আদালতের নির্দেশে চাকরি যায় তাঁর। আর রিয়াঙ্কার মামা কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতির জেরে গ্রেফতার হয়েছেন। এই ঘটনার জেরে মানসিক অবসাদের কারণেই রিয়াঙ্কা এমন ঘটনা ঘটিয়েছেন কী না, তা খতিয়ে দেখা হচ্ছে।

RELATED Articles