তিনি গরু পাচারের (cattle smuggling) বিষয়ে কিছুই জানেন না। এনামুলকেও চেনেন না তিনি। সব নষ্টের গোড়া সায়গল (Saigal Hossain)। মেয়ের সামনে বসিয়ে জেরা করা হবে শুনেই ভোল বদলালেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। ইডি সূত্রে এমনই খবর মিলেছে। তবে ইডি আধিকারিকরাও এত সহজে ছেড়ে দেবেন না। তারা অনুব্রতকে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের (Sukanya Mandal) সামনে বসিয়েই জেরা করবেন।
আগামী বুধবার অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলকে দিল্লি ডেকে পাঠিয়েছে ইডি। সূত্রের খবর, তাঁর সামনে বসিয়ে অনুব্রতকে জেরা করা হবে। এদিকে আগামীকাল, মঙ্গলবার অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারিকে তলব করা হয়েছে। সে খবরও পৌঁছেছে কেষ্টর কাছে। আর এরপরই নিজের রঙ বদলাতে শুরু করেছেন তিনি।
ইডি সূত্রে খবর, অনুব্রত এতদিন ধরে জেরায় বলছিলেন, “কিছু মনে নেই”। আর এখন তিনি বলছেন যে তিনি কিছু জানেন না। এমনকি তিনি এনামুলকেও চেনেন না বলে জানিয়েছেন। যা করেছে সব সায়গল করেছে, সব নষ্টের গোড়া নাকি সায়গলই, এমনটাই দাবী করেছেন অনুব্রত।
অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল এর আগে একাধিকবার ইডি-র দফতরে হাজিরা দিয়েছেন। আর প্রত্যেকবারই তিনি জেরায় জানিয়েছেন যে তিনি কিছুই জানেন না। তা বলার সব নাকি তাঁর বাবা বলতে পারবে।
গরু পাচার মামলা নিয়ে তদন্ত করতেই উঠে আসে অনুব্রতর একাধিক চালকলের হদিশও। জানা যায় ভোলে ব্যোম-সহ অনুব্রতর একাধিক চালকলের ব্যবসা পরিচালনা করতেন সুকন্যা। সূত্রের খবর, ইডি হয়ত সুকন্যা, অনুব্রত ও সায়গলকে মুখোমুখি বসিয়ে জেরা জেরা করতে পারে।





