হাড়োয়ায় গৃহবধূ গণধর্ষণ কান্ডে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশের তরফ থেকে জানানো হল, মেডিক্যাল রিপোর্টে ওই গৃহবধূর ধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। শুক্রবার এই কথা জানিয়েছে রাজ্য পুলিশ।
এই দিন রাজ্য পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট দেওয়া হয় যে, “বসিরহাট পুলিশ জেলার হাড়োয়া থানা এলাকায় একটি ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে গুজব ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তারপর ভদ্রমহিলাকে মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। মহিলার পিঠে আঁচড়ের দাগ ছাড়া অন্য কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি৷”
মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী ওই গৃহবধূর ওপর যৌন নির্যাতনের কোন চিহ্ন মেলেনি। পুলিশ আরো বলছে যে ওই মহিলা নিজের মৌখিক বিবৃতিতেও যৌন নির্যাতনের কথা উল্লেখ করেননি। তাই এটা গণধর্ষণের কেস নয়। পুলিশের তরফ থেকে গুজবে কান না দিয়ে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে সূত্র মারফত জানা যাচ্ছে যে নির্যাতিতা মহিলা দাবি করছেন তাকে ধর্ষণ করা হয়েছে। সেখানে ৮ জন ছিল তার মধ্যে ৫ জনকে তিনি চিনতে পেরেছেন। ওই নির্যাতিতা দোষীদের ফাঁসি দাবি তুলেছেন। যদিও গোটা ঘটনা ঘিরে প্রবল ধোঁয়াশা তৈরি হয়েছে। শাসক শিবির বলছে যে বিজেপি ইচ্ছা করে এই ঘটনা নিয়ে ইস্যু তৈরি করতে চাইছে, এটা তাদের দলীয় ব্যাপার আবার গেরুয়া শিবিরের বক্তব্য রাজ্য পুলিশ সরকারের কথা শুনে গোটা ঘটনাকে মিথ্যা প্রমাণ করতে চাইছে।





