মিড ডে মিল নিয়ে রাজ্যে অভিযোগের অন্ত নেই। এবার স্কুল থেকে মিড ডে মিলের চাল চুরির অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। এই চুরির ঘটনায় মদত দেওয়ার অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই নিয়ে তীব্র ক্ষোভ দেখান এলাকাবাসীরা। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
কী ঘটেছে ঘটনাটি?
ঘটনাটি ঘটেছে আজ, শুক্রবার গাইঘাটা থানার চাঁদপাড়া ভাড়াডাঙা উচ্চ বিদ্যালয়ে। জানা গিয়েছে, এদিন সকালে এক মহিলাকে ব্যাগ নিয়ে স্কুল থেকে বেরোতে দেখেন স্থানীয়রা। সেই সময় তাকে ধরে ফেলেন তারা। স্কুলের মাঠেই আটকে রাখা হয় মহিলাকে।
স্থানীয়রা জানান, সেই ব্যাগ থেকে চাল উদ্ধার করেন তারা। এরপর বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা। এরপর প্রধান শিক্ষক স্কুলে আসতেই তাঁর উপর চড়াও হন স্থানীয়রা। স্থানীয়দের কথায়, বেশ কিছুদিন ধরেই মহিলা স্কুলে আসেন। ব্যাগে করে চাল নিয়ে স্কুলের পিছনের গেট দিয়ে চলে যান তিনি।
বাসিন্দাদের অভিযোগ, স্কুলের সঙ্গে যুক্ত এক ব্যক্তির দীর্ঘদিন ধরে এই কাজ করছে৷ তাদের দাবী, প্রধান শিক্ষক যুক্ত না থাকলে এটা করা সম্ভব নয়৷ দোষীদের গ্রেফতার করতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় সুটিয়া ক্যাম্পের পুলিশ। স্কুলের পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে যুক্ত এক ব্যক্তিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এই ঘটনায় নিজের দিকে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক তুষার বিশ্বাস। তিনি বলেন, “স্থানীয় একজন রোজ এসে স্কুলে পরিষ্কারের কাজ করে। সেই সকালে এসে চাবি দিয়ে স্কুল খোলে৷ আমরা থানায় একটি লিখিত অভিযোগ করছি। পুলিশ তদন্ত করে দেখুক”৷ তিনি দাবী করেন, স্কুলে যে পরিমাণ মিড ডে মিলের জন্য চাল যায়, তার হিসাব ঠিক আছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।





