গতকাল, মঙ্গলবার ফের মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা দেখেন অনুব্রত মণ্ডলকে। জানা গিয়েছে যে বীরভূমের জেলা সভাপতির দুটি অণ্ডকোষের অবস্থাই খারাপ। সেখানে পুঁজ জমেছে। রস নির্গত হচ্ছে সেখান দিয়ে।
সূত্রের খবর অনুযায়ী, তৃণমূল নেতার ফুসফুসের অবস্থাও বিশেষ ভালো নয়। রিপোর্ট ভালো আসেনি। ফুসফুসে এখনও জল জমে রয়েছে। এও জানা গিয়েছে যে ৬ মিনিট ওয়াক টেস্টে ৭২ মিটারের বেশি হাঁটলে তাঁর অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে। অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে তাঁকে। এর ফলে মেডিক্যাল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে তিনি আপাতত হাসপাতালেই থাকবেন।
সূত্রের খবর অনুযায়ী, দুটি অণ্ডকোষই কেটে বাদ দেওয়া হতে পারে অনুব্রতর। তবে এই নিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরবর্তিতে তাঁর শারীরিক অবস্থা দেখে কোনও সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা, এমনটাই জানা যাচ্ছে।
উল্লেখ্য, গরুপাচার কাণ্ডে গত বুধবার সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের। তবে নিজাম প্যালেসে না গিয়ে তিনি সটান চলে যান এসএসকেএমে। সেখানে নানান পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে ভর্তি নেওয়া হয় উডবার্ন ওয়ার্ডে। সিবিআই হাজিরা এড়াতে অনুব্রতর হাসপাতালে এমন নাটকীয় ভর্তি হওয়া নিয়ে কটাক্ষ শানান নানান বিরোধী নেতারা।
প্রসঙ্গতম গতকাল, মঙ্গলবারই নানুরে অনুব্রতর আরোগ্য কামনায় শাল-চন্দন কাঠে বিশাল যজ্ঞের আয়োজন করা হয়। এই যজ্ঞে দেওয়া হয় ১০ কেজি বেল কাঠ, ৫ কেজি শাল কাঠ, ৩ কেজি চন্দন কাঠ, ৫ কেজি ঘি ও ১০৮ টি বেল পাতা। এদিনের এই যজ্ঞে উপস্থিত ছিলেন নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি, বীরভূম জেলার পূর্ত কর্মাধ্যক্ষ কিং খান ও আরও অনেকেই।





