নিজেদের ১০ দফা দাবী নিয়ে এখনও অনশনে অনড় জুনিয়র চিকিৎসকরা। প্রথমে ৬ জ যোগ দিলেও তারপর যোগ দেন অনিকেত মাহাতো। এরপর যোগ দিয়েছেন আরও ২ জন। কিন্তু অনশনকারী জুনিয়র চিকিৎসকদের শারীরিক অবস্থা একেবারেই ভালো নয়। জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোর সংকটও এখনও কাটে নি।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আর জি করের সিসিইউ-তে ভর্তি করা হয়েছিল অনিকেত মাহাতোকে। কিন্তু তাঁর সংকট এখনও কাটে নি, এমনটাই হাসপাতাল সূত্রে খবর। শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল হলেও তা যে কোনও মুহূর্তে খারাপের দিকে যেতে পারে। তিনি সংকটমুক্ত নন বলেই জানাল হাসপাতাল।
অন্যদিকে, বাকি অনশনকারী চিকিৎসকদের শারীরিক অবস্থাও ভালো নয়। জুনিয়র চিকিৎসকদের রক্তে শর্করার মাত্রা কমছে। মূত্রে মিলেছে কিটোন বডি। রক্তচাপও উঠানামা করছে বলে খবর। ফলে অনশনকারী জুনিয়র চিকিৎসকদের নিয়ে চিন্তা ক্রমেই বাড়ছে। তাদের শারীরিক অবস্থা যেমনই হোক না কেন, তারা নিজেদের দাবীতে অনড়।
আগেই অনিকেতকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বাকি ৬ জনের সঙ্গে গতকাল, শুক্রবার রাতে আরও দু’জন জুনিয়র চিকিৎসক যোগ দিয়েছেন অনশনে। তাদের স্পষ্ট কথা, সরকার যতদিন না তাদের দাবী মেনে নিচ্ছে, ততদিন তারা নিজেদের দাবী থেকে সরবেন না। অনশনের ১৬০ ঘণ্টার বেশি পেরিয়ে গিয়েছে কিন্তু সরকারের তরফে কোনও সদর্থক ভূমিকা নেওয়া হয়নি।
আরও পড়ুনঃ বাড়ি থেকে উদ্ধার অচৈতন্য দেহ, রহস্যমৃত্যু আড়াই বছর আগে খুন হওয়া কংগ্রেস নেতা তপন কান্দুর স্ত্রীর, শোরগোল রাজ্য-রাজনীতিতে
জানা গিয়েছে, জুনিয়র চিকিৎসকদের সমর্থন জানাতে আগামীকাল, রবিবার ১২ ঘণ্টার প্রতীকী অনশনের ডাক দেওয়া হয়েছে আইএমএ বেঙ্গলের তরফে। রাজ্যজুড়ে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই অনশন। বলে রাখি, ষষ্ঠীর রাতে মুখসচিব মনোজ পন্থের ডাকে বৈঠকে যোগ দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। কিন্তু সেই বৈঠক সদর্থক নয়। ফলে নিজেদের দাবী থেকে সরে আসতে নারাজ তারা। তাদের দাবী পূরণ না হলে তারা এই অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।





