বিতর্ক হলেই সরতে হচ্ছে বিভাগীয় সচিবদের! স্বাস্থ্য সচিবের অপসারণ প্রসঙ্গে এমনটাই বললেন দিলীপ ঘোষ, স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগের দাবিও জানান তিনি।

করোনা সঙ্কটের সময়ে সঙ্কট বাড়িয়ে খাদ্য সচিবের পর এবার খোদ স্বাস্থ্য সচিব বিবেক কুমারকে সরিয়ে দেওয়া হলো আজ। আর তাঁর এই অপসারণ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি ব্যর্থতার দায় নিয়ে স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল। মঙ্গলবার সল্টলেকের বাসভবনে বিজেপির মেদিনীপুরের সাংসদ বলেন, ‘স্বাস্থ্য সচিবকে বলির পাঁঠা করা হলো। পিপিই নেই, মাস্ক নেই, ডাক্তার নেই, নার্স নেই, ক”জন ডাক্তার মারাও গেলেন, হাসপাতাল বন্ধ। আমাদের মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তাঁদের কোন দায় নেই। শুধু তাঁরা বাইট দেবেন টিভিতে। স্বাস্থ্য ক্ষেত্রে এই দুর্দশার জন্য দায় এড়াতে পারেন না তাঁরা। স্বাস্থ্য মন্ত্রী পদত্যাগ করুন।’

তিনি এদিন বলেন, ‘আমরা প্রশাসনের তিনটে বিভাগ খাদ্য, স্বাস্থ্য আর স্বরাষ্ট্র নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছি। খাদ্য সচিবের পর সরানো হলো স্বাস্থ্য সচিবকে। এবার তিন নম্বর উইকেটটা পড়বে। স্বরাষ্ট্র সচিবকে সরতে হবে। মুখ্যসচিব তো কোয়ারেন্টাইনে চলে গিয়েছেন, তাঁকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। যে যে বিভাগগুলো নিয়ে বিতর্ক সেই বিভাগ গুলোর সচিবদের সরানো হচ্ছে।’

এদিন তিনি করোনা সংক্রমণে মৃতদের অস্থি পরিজনদের হাতে তুলে দেওয়ার‌ও দাবি জানান। তিনি বলেন হিন্দু ধর্মের বিশ্বাস অস্থি গঙ্গায় বিসর্জন না করলে আত্মার সদগতি হয় না। প্রশাসনের কাছে তো নাম, ঠিকানা রয়েছে। প্যাকেটে করে অস্থিভস্ম প্রিয়জনদের কাছে পৌঁছে দিন।

RELATED Articles

Leave a Comment