ষষ্ঠীতে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, সপ্তমী থেকে নিম্নচাপের জেরে বৃষ্টি, পুজোর সময় ভারী বৃষ্টির জেরে ভাসবে শহর

পুজোর সময় শহর কলকাতা ও এর সংলগ্ন অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দফতর। ষষ্ঠীতে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। সেই ঘূর্ণাবর্তের জেরে সপ্তমীতে নিম্নচাপ তৈরি হবে। আর এর প্রভাবে সপ্তমী থেকে কলকাতা ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর আগে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ষষ্ঠীতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

আলিপুর আবহাওয়া সূত্রে খবর, আগামী ১লা অক্টোবর উত্তর-পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। ২রা অক্টোবর অর্থাৎ রবিবার নিম্নচাপে পরিণত হবে ওই ঘূর্ণাবর্তটি। এর জেডরে ২রা অক্টোবর থেকে ৫ই অক্টোবর অর্থাৎ রবি থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জানা যাচ্ছে, ১লা অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এরপর ২রা অক্টোবর রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। উপকূলের জেলা যেমন দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বলে খবর। ৩রা অক্টোবর অর্থাৎ সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরেও।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে যে ষষ্ঠীর বিকেল পর্যন্ত গরম অনুভূত হবে শহরে। তবে ষষ্ঠী ও সপ্তমীর পর ৪ ও ৫ অক্টোবর অর্থাৎ অষ্টমী ও নবমীর দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এদিকে ২রা অক্টোবর অর্থাৎ রবিবার পর্যন্ত হালকা বৃষ্টি হবে উত্তরবঙ্গে। এরপর ৩ থেকে ৫ অক্টোবর অর্থাৎ সোম থেকে বুধবার পর্যন্ত বৃষ্টি হবে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি হতে পারে বলেই জানা যাচ্ছে।

কলকাতায় আগামিকাল পর্যন্ত অর্থাৎ ১ অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এরপর ২ থেকে ৫ তারিখ অর্থাৎ রবি থেকে বুধবার পর্যন্ত কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়বে। এই দিনগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কলকাতায়।

হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে আজ, শুক্রবার পঞ্চমীর দিন কলকাতা ও পার্শ্ববপ্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। কলকাতা ও আশেপাশের এলাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ ডিগ্রি সেলসিয়াস ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ থাকবে ৯০ শতাংশের উপর।

RELATED Articles