পুজোর মুখে ভাসবে বাংলা, প্রবল বর্ষণে বিপর্যস্ত হওয়ার আশঙ্কা জনজীবন, অতিভারী বৃষ্টির সতর্কতা গোটা দক্ষিণবঙ্গে

ব্যাপক দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গ জুড়ে। বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা বর্তমানে বাংলা ও ওড়িশামুখী। এর জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর।

কী জানাচ্ছে হাওয়া অফিস?

আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশকুমার দাস বলেন, “আরব সাগর ও বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে এই দুই নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। উত্তর পূর্ব ও পূর্ব মধ‌্য বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসছে। নিম্নচাপের মুখ রয়েছে উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল এলাকায়। ফলে আগামী চারদিন উপকূল এলাকায় ভারী থেকে অতিভারী বর্ষণ চলবে। শনিবার থেকে বৃষ্টি বাড়বে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে। এই কদিন উত্তাল থাকবে সমুদ্র। নদীর জলস্তর বেড়ে যাবে। তাই মৎস‌্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে। রবিবার পর্যন্ত মৎস‌্যজীবীদের সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে”।

এই নিম্নচাপের জেরে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টি চলবে। কলকাতা, হাওড়া, হুগলি দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রবিবার কলকাতা-সহ বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আবহবিদদের কথায়, বর্ষার মরশুমে অর্থাৎ জুন-জুলাই মাসে বঙ্গে তেমন বৃষ্টি দেখা যায়নি। কিন্তু বর্ষার শেষবেলায় দাঁড়িয়ে কাঁপিয়ে ব্যাটিং শুরু করে বৃষ্টি। শুক্রবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি। শনিবারও সকাল থেকেই আকাশের মুখভার। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। এর জেরে পুজোর প্রস্তুতিতে ব্যাঘাত ঘটছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles