গত কয়েকদিন ধরেই বৃষ্টিতে ভাসছে শহর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের নানান এলাকা এই মুহূর্তে জলমগ্ন। লাগাতার বৃষ্টির জেরে জনজীবনও বেশ বিপর্যস্ত বৈ কী! তবে এই বৃষ্টির হাত থেকে যে এখনই মুক্তি মিলবে না, তেমনটাই জানিয়ে দিল আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে খবর, এই মুহূর্তে বাংলাদেশের উপর একটি নিম্নচাপ রয়েছে। আগামী ২ দিনে এই নিম্নচাপ দক্ষিণবঙ্গ হয়ে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। সেই অনুযায়ী বৃষ্টিও কমবে। তবে ঝাড়খণ্ডে যদি বেশি বৃষ্টি হয়, তাহলে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা প্লাবিত হতে পারে। এদিকে আবার ডিভিসিও জল ছাড়ছে। যদি এরপর আরও বেশি বৃষ্টি হয়, তাহলে হাওড়া, হুগলির কিছু এলাকা ফের প্লাবিত হতে পারে বলে আশঙ্কা।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের নানান জেলায় এখনই বৃষ্টি কমছে না বলেই জানাল আবহাওয়া দফতর। আজ, জন্মাষ্টমীর দিনও নানান জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও অতিভারী বৃষ্টির আভাস দিল হাওয়া অফিস।
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তো রয়েছেই, এরই সঙ্গে আবার মৌসুমি অক্ষরেখার জেরে বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। সমুদ্র এই মুহূর্তে উত্তাল। এর ফলে মৎস্যজীবীদের এই সময় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুধুমাত্র দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গেও হতে পারে ভারী বৃষ্টি। জলপাইগুড়ি ও দুই দিনাজপুরে জারি করা হয়েছে সতর্কতা।
আগামীকাল, মঙ্গলবারও এমনই আবহাওয়া থাকবে বলে খবর। আজ, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম। গতকাল, রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম।





