নিম্নচাপের জেরে প্রবল দুর্যোগ বঙ্গে, দক্ষিণে চলবে নাগাড়ে বৃষ্টির স্পেল, উত্তরবঙ্গে ধসের আশঙ্কা, বাড়তে পারে নদীস্তর

গত কয়েকদিন ধরেই শুরু হয়েছে বৃষ্টি। জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি তো চলছিলই। তবে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে এবার প্রবল দুর্যোগের আশঙ্কা। শুক্রবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের নানান জেলায় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি।

কী জানাচ্ছে হাওয়া অফিস?

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে এমন মুষলধারে বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। শনিবার থেকে বৃষ্টি কমলে তাপমাত্রা বাড়বে। মুর্শিদাবাদ ও বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে ভারী বৃষ্টি হবে শনিবার।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও অতিবৃষ্টির সতর্কতা। আজ, শুক্রবার থেকেই বাড়বে বৃষ্টি। পার্বত্য এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির স্পেল চলবে রবিবার পর্যন্ত।

শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও হবে ভারী বৃষ্টি। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ও বৃষ্টির আশঙ্কা।

এমন এমন বৃষ্টির জেরে কালিম্পং-সহ উত্তরের পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে। এর জেরে পাহাড়ি এলাকায় দৃশ্যমানতা কমবে। বৃষ্টির জেরে উত্তরবঙ্গে নদীর স্তর বাড়ার আশঙ্কা রয়েছে।

শুধুমাত্র বাংলাই নয়, একইসঙ্গে অসম, মেঘালয়-সহ উত্তর-পূর্ব ভারতের উপরের দিকে রাজ্যগুলিতেও বৃষ্টির প্রভাব পড়বে। বেশকিছু নদীর জলস্তর বিপদসীমার উপরে বইতে পারে। নদী সংলগ্ন কিছু এলাকা প্লাবিত হতে পারে। নিচু এলাকায় জল জমা এবং প্লাবনের আশঙ্কা। 

আরও অন্যান্য খবর